পুরোনো কাপড়, রিসাইকেল করা কাগজ! হাওড়ার এই মণ্ডপ কেন দেখাচ্ছে নতুন স্বপ্ন, জানুন অভিনবত্বের রহস্য

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে হাওড়ার মণ্ডপে মণ্ডপে থিমের মোড়ক। সেই তালিকায় এবার এক ধাপ এগিয়ে বালিটিকুরী নেতাজি বালক সংঘের এবারের ভাবনা— ‘স্বপ্নলোক’। এই মনমুগ্ধকর জগৎ, যাকে স্বপ্নরাজ্য, কল্পলোক বা সব পেয়েছির দেশও বলা যায়, তা উৎসবের দিনে মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। মহালয়ার দিন থেকেই এই মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন আট থেকে আশি সব বয়সের দর্শনার্থীরা।
স্বপ্নলোক: কেন এমন থিম?
বালিটিকুরী নেতাজি বালক সংঘের কালচারাল সেক্রেটারি সুমন মুখার্জী জানান, মানুষের বিভিন্ন বয়সের বিভিন্ন স্বপ্নের জগৎ কেমন, তা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোয়।
অভিনব প্রতিমা: শুধু প্যান্ডেল নয়, প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। এখানকার প্রতিমা অধিষ্ঠিত একটি বৃত্তাকার ক্ষেত্রে। এই বৃত্তাকার ক্ষেত্রটি আসলে মানুষের স্বপ্ন বা টার্গেট, যার পিছনে মানুষ সারা জীবন ধরে ছুটে বেড়ায়— সেই কেন্দ্রবিন্দুকেই এখানে দেখানো হয়েছে।
পরিবেশবান্ধব সজ্জা: মণ্ডপ এবং ঠাকুর সাজাতে ব্যবহার করা হয়েছে পুরোনো কাপড় ও কাগজ, যা রিসাইকেল করা হয়েছে। ফলে এই থিমে অভিনবত্বের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও রয়েছে।
হাওড়া জেলার অন্যতম আকর্ষণীয় থিম এই ‘স্বপ্নলোক’ দেখতে দর্শকরা ভিড় জমাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা। এই মণ্ডপ সজ্জা যেন মানুষের শৈশবের কল্পনালোককে বাস্তবে নামিয়ে এনেছে।