পুরুলিয়ার ডেরায় বিলেতি মেজাজ! বাড়িতেই ইনডোর স্টেডিয়াম বানিয়ে ক্রিকেটার গড়ছেন দুই প্রাক্তন রেলকর্মী

আদ্রার দুই প্রাক্তন রেলকর্মীর ইনডোর ট্রেনিং সেন্টারে ভিড় জমাচ্ছে জেলার যুবকরা পুরুলিয়া জেলার ক্রিকেট প্রেমীদের জন্য এক দারুণ খবর। আদ্রার দুই প্রাক্তন রেলকর্মী তথা অভিজ্ঞ ক্রিকেটার কাঞ্চন কুণ্ডু এবং প্রভাকর প্রসাদ শ্রীবাস্তব এক অনন্য নজির গড়লেন। মাঠের লড়াই ছেড়েছেন ঠিকই, কিন্তু ক্রিকেটকে ছাড়েননি। তাই তো নিজেদের অভিজ্ঞতাকে মূলধন করে আদ্রার ডিভিসির বটতলার কাছে প্রভাকরবাবুর নিজের বাড়িতেই তৈরি করে ফেলেছেন একটি অত্যাধুনিক ইনডোর ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র।
রেলের হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে দাপটের সঙ্গে খেলেছেন এই দুই প্রবীণ খেলোয়াড়। কর্মজীবন থেকে অবসর নিলেও ক্রিকেট মাঠের সেই শিক্ষা এখন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা। আধুনিক প্রযুক্তিতে ব্যাটিংয়ের স্টান্স, বোলিংয়ের লাইন-লেংথ এবং ফিল্ডিংয়ের খুঁটিনাটি শেখানোর পাশাপাশি খেলোয়াড়দের মানসিক ভাবে শক্তিশালী করে তোলা হচ্ছে এই কেন্দ্রে।
প্রশিক্ষক কাঞ্চন কুণ্ডু জানান, “রেলে থাকাকালীন অনেক ম্যাচ খেলেছি, অনেক কিছু শিখেছি। সেই সঞ্চিত বিদ্যাই এখন জেলার উঠতি ক্রিকেটারদের হাতে তুলে দিচ্ছি।” বর্তমানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ জন তরুণ ক্রিকেটার প্রতিদিন এখানে ঘাম ঝরাচ্ছেন। প্রভাকর প্রসাদ শ্রীবাস্তবের কথায়, “আমাদের একমাত্র লক্ষ্য হলো এই জেলা থেকে আরও বেশি করে প্রতিভাকে তুলে আনা।” জেলার কোণে কোণে ক্রিকেটের জোয়ার আনতে দুই অভিজ্ঞ খেলোয়াড়ের এই “হোম-মেড” ইনডোর স্টেডিয়াম এখন আদ্রার চর্চার কেন্দ্রবিন্দু।