পুরুলিয়ায় ৫৫ বছরের ঐতিহ্যবাহী ‘ছাতা পরব’, রাজতন্ত্র না থাকলেও প্রথা মেনে চলল লৌকিক উৎসব

রাজতন্ত্রের অবসান হয়েছে বহুকাল আগে, কিন্তু তার ঐতিহ্য আজও বেঁচে আছে পুরুলিয়ার বলরামপুরের বেড়মা গ্রামে। প্রতি বছরের মতো এবারও এখানে পালিত হল ঐতিহ্যবাহী ‘ছাতা পরব’। এটি এই উৎসবের ৫৫তম বছর। ১৯৭০ সালে সমাজসেবী ড. সুখেন্দু বিশ্বাসের উদ্যোগে এই লৌকিক উৎসবের সূচনা হয়েছিল।

মূলত, রাজা নির্মল সিং সর্দারকে ঘিরে এই মেলার সূচনা হয়, যেখানে তিনি হাতিতে চড়ে বলরামপুর বাজার ঘুরে ছাতা উত্তোলন করতেন। এখন তার বংশধররা এই প্রথা ধরে রেখেছেন। এবছর হরিহর সিং সর্দার ছাতা উত্তোলন করেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, ইন্দ্রদেবের নবরত্ন সভার আদলে একটি বড় ছাতার সঙ্গে আরও নয়টি ছোট ছাতা মিলিয়ে মোট দশটি ছাতা উত্তোলনের রীতি প্রচলিত আছে।

আবেগ ও ঐতিহ্যের মিলনমেলা
এই উৎসবে শুধু স্থানীয় মানুষই নয়, পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু দর্শনার্থীর সমাগম হয়। একজন দর্শনার্থী বলেন, “বহু বছর ধরে আমি এই ছাতা পরব দেখতে আসি। এটি আমাদের ঐতিহ্য, যার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে।”

একটা সময় টানা দু’দিন ধরে এই মেলা চলত এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। সময়ের সঙ্গে কিছু পরিবর্তন এলেও, করোনা পরবর্তী সময়ে গত বছরগুলোর তুলনায় এবার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই উৎসব পুরুলিয়ার বলরামপুরবাসীর কাছে তাদের ঐতিহ্য ও আবেগের প্রতীক।