মনোজ আগরওয়াল কাণ্ডে মহুয়া মৈত্রকে নোটিস! এক্স হ্যান্ডলের পোস্ট নিয়ে পুলিশের কড়া পদক্ষেপ

মনোজ আগরওয়াল কাণ্ডে রাজ্য রাজনীতিতে ফের একবার পারদ চড়ল। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বর্তমান সিইও সুব্রত গুপ্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার জেরে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নোটিস পাঠাল কলকাতা পুলিশ। তবে পুলিশের এই পদক্ষেপে একচুলও দমে না গিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনওভাবেই ওই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছবেন না।

ঠিক কী ঘটনা ঘটেছে?

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক্স (X) হ্যান্ডলে কিছু পোস্ট করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ওই পোস্টগুলিতে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর আগে মনোজকুমার আগরওয়াল এই বিষয়ে মহুয়া মৈত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিসও পাঠিয়েছিলেন।

এবার সেই জল গড়াল পুলিশের দরজায়। গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ (ক্রাইম)-এর তরফে মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (X)-এর কর্তৃপক্ষকে একটি আনুষ্ঠানিক নোটিস পাঠানো হয়েছে। কলকাতা সাইবার থানায় দায়ের হওয়া একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২১৬/২৬)-র ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের তরফে পাঠানো ওই নোটিসে মহুয়া মৈত্রীর বিতর্কিত এক্স পোস্ট দুটি অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

‘পোস্ট মুছব না’— হুঙ্কার মহুয়ার

কলকাতা পুলিশের পক্ষ থেকে পোস্ট অপসারণের নির্দেশ আসলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রতিবাদী নেত্রী ও সাংসদ মহুয়া মৈত্র। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, তিনি কোনওভাবেই ওই পোস্টগুলি মুছবেন না। পুলিশের এই নোটিস জারির পরেই রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। একদিকে শাসক দলের সাংসদের এমন অনমনীয় মনোভাব এবং অন্যদিকে কলকাতা পুলিশের কঠোর আইনি পদক্ষেপ— সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় রকমের রাজনৈতিক তরজার আবহ তৈরি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

Pratik Saha
  • Pratik Saha