পুজোর আগে চা বাগান শ্রমিকদের মুখে হাসি! ২০% বোনাস নিয়ে শুরু নতুন বিতর্ক

পুজোর মুখে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে খুশির হাওয়া। রাজ্য সরকারের নির্দেশ মেনে ইতিমধ্যেই ১৭০টির বেশি বড় চা বাগানের শ্রমিকদের হাতে পৌঁছে গেছে ২০ শতাংশ হারে বোনাস। এই বছর গতবারের চেয়ে বেশি হারে বোনাস পাওয়ায় শ্রমিকদের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে বলে জানা গেছে।

বোনাস বিতরণ শুরু হতেই একটি নতুন বিতর্কও সামনে এসেছে। অভিযোগ উঠেছে, কিছু কিছু চা বাগানে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে।

এ প্রসঙ্গে তৃণমূলের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, “আমাদের সংগঠন রশিদ দিয়ে শ্রমিকদের কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা নেয়, এটা নতুন কিছু নয়। সব সংগঠনই করে থাকে। তবে যদি কেউ বিনা রসিদে দলের নাম ভাঙিয়ে টাকা তোলে, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বিজেপি-ঘনিষ্ঠ ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি যুগল ঝা অভিযোগ করেছেন, অনেক বাগান কর্তৃপক্ষ এখনও বোনাস দেওয়া নিয়ে টালবাহানা করছে। এর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর শ্রম দফতর ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে।

চা বাগান মালিকদের সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সচিব রামঅবতার শর্মা জানান, ২৭৬টি বাগানের মধ্যে ১৫২টিতে বোনাস বিতরণ সম্পন্ন হয়েছে। মহালয়ার আগেই বাকি অধিকাংশ বাগানে বোনাস দেওয়া হবে। তবে, রায়পুর চা বাগানের মতো যে বাগানগুলি বহু বছর ধরে বন্ধ, সেখানকার শ্রমিকরা বোনাস থেকে বঞ্চিত হলেও রাজ্য সরকার তাদের সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে।