পুজোর আগে কি সস্তা হবে পেট্রোল-ডিজেল? বড় ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী!

উৎসবের মরশুম শুরুর আগেই কি দেশবাসীর জন্য মিলবে বড় কোনও সুখবর? সস্তা হবে কি পেট্রোল ও ডিজেল? সম্প্রতি এই জল্পনাকেই উসকে দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরকারের পূর্ববর্তী পদক্ষেপগুলির কথা উল্লেখ করে জ্বালানি মূল্য হ্রাসের জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার, ১ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান যে কেন্দ্র সরকার এর আগে তিন দফায় জ্বালানির দাম কমিয়েছে। যার মধ্যে ২০২১ সালের নভেম্বর মাস, ২০২২ সালের মে মাস এবং চলতি বছরের ১০ মার্চ আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমানো হয়েছিল। শুল্ক কমানোর ফলে সরকারের রাজস্বে যে ক্ষতি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তিনি স্পষ্ট জানান যে, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং দামের ওঠানামার সবচেয়ে খারাপ প্রভাব থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। আর সরকার সেই দায়িত্ব সফলভাবে পালন করে চলেছে।
জ্বালানির দাম কমার সম্ভাবনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বর্তমানে কমে ব্যারেল প্রতি ৯৫ ডলারে নেমে এসেছে এবং সরবরাহও বেশ স্বাভাবিক রয়েছে। এর ফলেই আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই দেশজুড়ে জ্বালানির দাম কমতে পারে। পাশাপাশি, প্রাইভেট কোম্পানিগুলির জ্বালানি বিক্রিতেও বর্তমানে কোনও বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন পেট্রোলিয়াম সচিব।