বালিতে ছুটি কাটাতে গিয়ে মারাত্মক বিপত্তি! ভয়াবহ দুর্ঘটনায় স্পাইন ভেঙে হাসপাতালে নুসরত ভারুচা

কাজের ফাঁকে ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। আচমকা এই দুর্ঘটনায় তাঁর শিরদাঁড়ায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি বালির একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন যে তাঁর শিরদাঁড়ায় অবিলম্বে অস্ত্রোপচার করাতে হবে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে অভিনেত্রীকে দ্রুত মুম্বই ফিরিয়ে আনার জন্য তোড়জোড় শুরু হয়েছে। বিশেষ এয়ারঅ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে মায়ানগরীতে ফিরিয়ে এনে মুম্বইয়ের হাসপাতালেই অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই অস্ত্রোপচার অত্যন্ত জটিল। ফলে তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কাজে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে এবং আগামী কয়েক সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
উল্লেখ্য, এর ঠিক এক সপ্তাহ আগেই নুসরত সোশ্যাল মিডিয়ায় বালি ভ্রমণের বেশ কিছু সুন্দর ছবি ও মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অভিনেত্রীর ভক্তকুলের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করছেন।