পুজোয় কি বৃষ্টি ভিলেন? মহালয়ার আগে থেকে রাজ্যজুড়ে দুর্যোগ, নতুন কী জানাল আবহাওয়া দফতর?

পুজোর উৎসবের মুখে আবারও দুর্যোগের ভ্রুকুটি। বিশ্বকর্মা পুজোর পরেও দুর্যোগ থেকে রেহাই নেই বাংলার। আজ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার মহালয়ার দিনেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট

আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ঝাড়খণ্ডের উপরে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে রাজ্যে বৃষ্টিপাত বাড়বে।

আজ বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মহালয়ার দিন, রবিবার, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমবে। ওইদিন হালকা বৃষ্টি হলেও আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি।

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে।

আগামী শুক্রবার শুধুমাত্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।