পাপারাজ্জিদের ঔদ্ধত্যে চরম ক্ষুব্ধ সলমন! অভিনেত্রীদের আপত্তিকর ছবি তোলা নিয়ে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ভাইজানের

তারকাদের ছবি তোলার নামে পাপারাজ্জিদের একাংশের রূচিহীন আচরণ এবং বিশেষ করে অভিনেত্রীদের আপত্তি সত্ত্বেও তাঁদের অস্বস্তিকর ও আপত্তিকর ছবি তোলার প্রবণতা নিয়ে ফের একবার চরম ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক একটি পর্বে ‘রোডিজ রাইজিং’-এর গ্যাং লিডার নেহা ধুপিয়া, অভিষেক মালহান, প্রিন্স নারুলা এবং রণবিজয় সিংহের সঙ্গে কথোপকথনের সময় এই প্রসঙ্গের অবতারণা হয়। সেখানে পাপারাজ্জিদের বিরুদ্ধে অতীতে সলমনের নেওয়া সাহসী অবস্থানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী নেহা ধুপিয়া।
নেহা জানান, সলমনের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব যখন এই ধরনের সংবেদনশীল বিষয়ে মুখ খোলেন, তখন তা বহু মানুষের কাছে পৌঁছায় এবং সমাজ জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। নেহার এই প্রশংসার জবাবে সলমন স্পষ্ট করে জানান যে, বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত গভীরভাবে ভাবছেন। তাঁর আগের সতর্কবার্তাকে যে কিছু পাপারাজ্জি পেজ পাত্তায় দেয়নি এবং উলটে এই ধরনের আপত্তিকর ছবি তোলার প্রবণতা আরও বাড়িয়ে দিয়েছে, সে বিষয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন অভিনেতা। তিনি সাফ জানান, এই বিষয়টিকে এবার আর কোনোভাবেই হালকাভাবে নেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা জরুরি। কিছু বড় প্ল্যাটফর্মও যখন এই ধরনের আচরণকে প্রশ্রয় দিচ্ছে, তখন কঠোর হাতে দমন করা প্রয়োজন।
সব তারকার ক্ষেত্রে পরিস্থিতি যে এক রকম নয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন সলমন। তাঁর মতে, কিছু অভিনেতা-অভিনেত্রী নিজেদের প্রচারের স্বার্থে নিজেরাই পাপারাজ্জিদের ডেকে ছবি তোলান। কিন্তু যাঁরা এই ধরনের অনুপ্রবেশ পছন্দ করেন না এবং স্পষ্ট আপত্তি জানান, তাঁদের ব্যক্তিগত পরিসর ও ইচ্ছাকে সম্মান করা উচিত। কোনো অভিনেত্রী নির্দিষ্ট ভঙ্গিতে ছবি তুলতে নিষেধ করার পরেও যদি আলোকচিত্রীরা সেই সীমা লঙ্ঘন করেন, তবে তিনি নিজে আর চুপ থাকবেন না এবং সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন বলে হুংকার দিয়েছেন সলমন।
উল্লেখ্য, এর আগেও গত সেপ্টেম্বরে ‘বিগ বস’-এর মঞ্চে পাপারাজ্জিদের একাংশের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছিলেন অভিনেতা। বিশেষ করে তারকাদের পিছন দিক থেকে অস্বস্তিকর ও আপত্তিকর ছবি তোলার তীব্র সমালোচনা করে তিনি একে সম্পূর্ণ ‘রুচিহীন’ বলে অভিহিত করেছিলেন। সেলিব্রিটিদের ব্যক্তিগত স্বাধীনতা এবং সম্মতির পরিসর রক্ষায় সলমনের এই আপসহীন অবস্থান এখন বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।