পাকিস্তানের জাহাজে হামলা, তরল গ্যাসের ট্যাঙ্কে বিস্ফোরণ! লোহিত সাগর ও আরব সাগরে নতুন সামরিক ফ্রন্ট, আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব!

গাজা সংকটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে। এই আবহে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা তরল গ্যাস বহনকারী একটি জাহাজ ইজরায়েলি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করল পাকিস্তান। তবে সৌভাগ্যবশত, জাহাজের যাত্রীদের, যাদের মধ্যে ২৪ জন পাকিস্তানি নাগরিকও ছিলেন, তাদের কোনো ক্ষতি হয়নি।
জাহাজে ড্রোন হামলা ও বিস্ফোরণ
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি শনিবার এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনীর (আনসারুল্লাহ ইয়েমেন) নিয়ন্ত্রিত রাস আল-আইস বন্দরে নোঙর করার সময় তরল গ্যাস বহনকারী জাহাজটি হামলার শিকার হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই জাহাজের যাত্রীদের মধ্যে ২৪ জন পাকিস্তানি নাগরিক, যার মধ্যে ক্যাপ্টেনও ছিলেন, একজন নেপালি এবং ২ জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন, যারা সৌভাগ্যক্রমে ক্ষতিগ্রস্ত হননি।” ইজরায়েলি ড্রোন হামলার পর, জাহাজের একটি তরল গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, তবে ক্রুরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
হাইপারসনিক মিসাইল দিয়ে ইজরায়েলকে হুথিদের জবাব
গাজা সংকটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক নতুন ফ্রন্ট। ইয়েমেনের হুথি বাহিনী বারবার ইজরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলে ‘প্যালেস্টাইন টু’ হাইপারসনিক ব্যালস্টিক মিসাইল দিয়ে হামলা করছে। এই হামলা শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, হাইপারসনিক মিসাইল শব্দের গতির চেয়ে অনেক দ্রুত এবং একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইজরায়েলের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, এই ধরনের উচ্চ গতির অস্ত্রের বিরুদ্ধে সবসময় কার্যকর নাও হতে পারে।
আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব
এই হামলাগুলোর মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান ইজরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনের ওপর সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ নেওয়া। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি, ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে কৌশলগত নিয়ন্ত্রণ জোরদার করেছে।
তারা স্পষ্ট জানিয়েছে যে, কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ নিজেদের পরিচয় প্রকাশ না করলে সেটি আক্রমণের মুখে পড়বে। এর মাধ্যমে তারা শুধু ইসরাইল নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত জলপথের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। পাকিস্তানি জাহাজে হামলা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির নতুন ইঙ্গিত বহন করছে।