‘পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনের সিঁদুর মুছে দিয়েছে’, বিস্ফোরক মন্তব্য প্রধানমন্ত্রীর, এরপরই যা ঘটল…

পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতীয় সেনার হামলার পর এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জইশ-ই-মহম্মদের এক শীর্ষ কমান্ডার সম্প্রতি একটি ভিডিওতে স্বীকার করেছেন যে, ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানে মাসুদ আজহারের পরিবারের সদস্যরা নিহত হয়েছে। সেই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এটা আজকের নতুন ভারত। এই ভারত কাউকে ভয় পায় না, পরমাণু হামলার হুমকিতেও নয়। ভারতীয় সেনাবাহিনী ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করে আসতে পারে।”

‘পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনের সিঁদুর মুছে দিয়েছে’

প্রধানমন্ত্রী মোদী বলেন, “পাকিস্তানি সন্ত্রাসীরা আমাদের বোন ও মেয়েদের সিঁদুর মুছে ফেলেছে। আমরা অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি শিবিরগুলি ধ্বংস করে দিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী পাকিস্তানকে চোখের পলকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে।”

গতকাল ভাইরাল হওয়া এক ভিডিওতে জইশ-ই-মহম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরিকে বলতে শোনা যায়, ভারতীয় বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানে তাদের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তিনি বলেন, “৭ মে, বাহাওয়ালপুরে ভারতীয় বাহিনী মৌলানা মাসুদ আজহারের পরিবারকে টুকরো টুকরো করে ফেলেছিল।” এই ভিডিওর সত্যতা যাচাই করা না হলেও, জইশ কমান্ডারের এই স্বীকারোক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ঐতিহাসিক হায়দ্রাবাদ মুক্তি দিবসের স্মরণ

প্রধানমন্ত্রী মোদী হায়দ্রাবাদ মুক্তি দিবসের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “দশকের পর দশক ধরে দেশের এত বড় সাফল্য এবং সেনাবাহিনীর মহান বীরত্বের কথা কেউ মনে করতে পারেনি। কিন্তু আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এবং আমাদের সরকার হায়দরাবাদের ১৭ সেপ্টেম্বরের ঘটনাকে অমর করে দিয়েছি। আমরা এই দিনটিকে হায়দ্রাবাদ মুক্তি দিবস হিসাবে উদযাপন করতে শুরু করেছি।”