‘পাকা ধানে মই’! রাতের অন্ধকারে দুষ্কৃতী কাণ্ড, দেড় বিঘা জমির ফসলে আগুন, পথে বসার জোগাড় কৃষকের

ফের দুষ্কৃতী তাণ্ডব! মাঠ থেকে কেটে এনে গাদা করে রাখা দেড় বিঘা জমির পাকা ধানে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে এই ঘটনায় প্রায় ৯০ শতাংশ ফসল পুড়ে ছাই হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক আব্দুল হামিদ গাজী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ এলাকার এই ঘটনায় গ্রামীণ কৃষক মহলে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্থানীয় আমিলানি গ্রাম পঞ্চায়েতের ভূত বটতলা এলাকায় রাস্তার ধারে যাত্রী শেডের পাশে নিজের জমির কাটা ধান গাদা করে রেখেছিলেন টাকি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ গাজী। দিন তিন-চার আগে ধানগুলি কেটে আনা হয়েছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা আব্দুল হামিদ গাজীকে জানান, কে বা কারা তাঁর ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে কৃষক দেখেন, দেড় বিঘা জমির ধানের প্রায় পুরোটাই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, ক্ষতির পরিমাণ বিপুল। এরপরই হাসনাবাদ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ক্ষতির মুখে কৃষক পরিবার
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হামিদ গাজীর পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগেও এলাকায় একাধিকবার কৃষকদের শস্য ও ফসলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, কিন্তু দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি। “পাকা ধান এইভাবে নষ্ট হয়ে যাওয়ায়” গভীর অবসাদ গ্রাস করেছে কৃষককে, পরিবারও ভেঙে পড়েছে চিন্তায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কৃষকরা দ্রুত দোষীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।