পশ্চিমবঙ্গে ৪১ হাজার কোটি টাকার তেল ও গ্যাস ভাণ্ডার আবিষ্কার, ঘুরে যাবে রাজ্যের অর্থনীতি

পশ্চিমবঙ্গ যেন গুপ্তধনের সন্ধান পেল! সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে রাজ্যের উত্তর ২৪ পরগনার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাটে দুটি নতুন বিশাল তেল ও গ্যাস ব্লকের সন্ধান মিলেছে। এই আবিষ্কারের আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার কোটি টাকা, যা রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন এবং দেশের জ্বালানি নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। ONGC-এর অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই জ্বালানি ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। এই দুটি ব্লক থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি পাওয়া যাবে, যার আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ৭০ কোটি টাকা।
এই বিপুল জ্বালানি ভাণ্ডারের আবিষ্কার নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের জন্য একটি বড় সুসংবাদ। এর ফলে একদিকে যেমন রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে, তেমনি কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে মনে করা হচ্ছে। দেশের জ্বালানি শক্তির ভাণ্ডারও এই আবিষ্কারের ফলে আরও সমৃদ্ধ হবে, যা আন্তর্জাতিক বাজারে ভারতের জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মাটির গভীরে বিপুল পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। সেই লক্ষ্যে ONGC পরীক্ষামূলক খনন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য ইতিমধ্যেই খনন যন্ত্র আনার রাস্তা তৈরি এবং অফিসারদের থাকার ঘর, কনফারেন্স রুম সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ জোরকদমে চলছে। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনী এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং স্থানীয় কৃষকদের কাছ থেকে তিন বছরের চুক্তিতে জমি নেওয়া হয়েছে, যেখানে প্রতি বিঘা জমির জন্য কৃষকরা ২ লক্ষ টাকা করে পাবেন।
বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার জানিয়েছেন যে, প্রাথমিক ভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। তিনি মনে করেন, এই প্রকল্প সফল হলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। কাঁকপুল ও রানাঘাটের নতুন আবিষ্কারের পাশাপাশি বারুইপুরের এই সম্ভাবনা, সব মিলিয়ে পশ্চিমবঙ্গকে দেশের জ্বালানি মানচিত্রে এক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।