পশ্চিমবঙ্গের ১৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ! ১২টি নামে সম্মতি, ৩টি নিয়ে জটিলতা

পশ্চিমবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য নামের সুপারিশ করেছে, যার মধ্যে ১২টি নামের বিষয়ে উভয় পক্ষই সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছে। তবে বাকি ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ নিয়ে দুটি পৃথক সুপারিশ তালিকা জমা দেওয়া হয়েছে।
রাজ্যের আইনজীবী জয়দীপ গুপ্ত আদালতে জানান, সর্বোচ্চ আদালত কোচবিহারের উপাচার্য নিয়োগের নির্দেশ দিলেও আচার্য এখনও পর্যন্ত সেই নিয়োগ করেননি।
বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যে ১২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা সর্বসম্মতভাবে তৈরি হয়েছে, তা দ্রুত উভয় পক্ষকে জানানো হবে। একই সঙ্গে, পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটির উপাচার্য পদের জন্য পূর্ববর্তী সুপারিশ তালিকা থেকে পদপ্রার্থীদের মেধা অনুযায়ী একটি নতুন বর্ণানুক্রমিক তালিকা জমা দিতে বলা হয়েছে বিচারপতি ইউইউ ললিতের সার্চ কমিটিকে। এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।