পর্যটকদের জন্য দার্জিলিংয়ে বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর! সবথেকে বড় শিব মূর্তি স্থাপন, বয়স্কদের জন্য থাকবে গ্রীন কারের ব্যবস্থা

প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরা উত্তরবঙ্গের পর্যটনকে নতুন দিশা দেখাতে বড় পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এবার দার্জিলিং জেলায় একটি বিশাল মহাকাল মন্দির গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, দিঘার জগন্নাথ ধাম এবং দুর্গা অঙ্গনের আদলেই এই মহাকাল মন্দিরটি নির্মাণ করা হবে। ইতিমধ্যেই শিলিগুড়ির জেলাশাসককে মন্দির তৈরির জন্য জমি দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে বড় শিব মূর্তি ও গ্রীন কার
এই নতুন মহাকাল মন্দিরে সবথেকে বড় শিব মূর্তি স্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এটি উত্তরবঙ্গের পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
মন্দিরে পুজো দিতে আসা বয়স্ক তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বিশেষ সুবিধার কথাও ঘোষণা করেন। তিনি বলেন, মহাকাল মন্দিরে পুজো দিতে আসলে বয়স্কদের যে অসুবিধা হয়, তা দূর করতে সেখানে ‘গ্রীন কার’-এর ব্যবস্থা থাকবে। সেই জন্য আলাদা পথও তৈরি করা হচ্ছে।
প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উত্তরবঙ্গে পর্যটকদের আগমন যখন বাড়তে শুরু করেছে, তখন এই মহাকাল মন্দির প্রকল্পটি এই অঞ্চলের ধর্মীয় পর্যটন এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে সহায়ক হবে বলেই মনে করছে রাজ্য সরকার।