পরিচালকের স্ক্রিপ্ট নিমেষে কেড়ে নেন অভিনেতা! চঞ্চল চৌধুরীর জাদুতে মুগ্ধ হয়ে যা লিখলেন প্রতিম ডি গুপ্ত

জনপ্রিয় পরিচালক প্রতিম ডি গুপ্তর আসন্ন সিনেমা ‘চালচিত্র ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দুই বাংলার খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে ‘চালচিত্র’ ছবিতে জিয়াউল ফারুক অপূর্ব থাকলেও, সিক্যুয়েলে চঞ্চলের অন্তর্ভুক্তি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। এর মাঝেই অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজের দুর্দান্ত অভিজ্ঞতা ও তাঁর অভিনয়ের জাদুকরী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পরিচালক প্রতিম।
চঞ্চলের অভিনয় নিয়ে ঠিক কী লিখেছেন প্রতিম?
চঞ্চলের সঙ্গে একটি ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে প্রতিম ডি গুপ্ত লেখেন, সাধারণত বেশিরভাগ অভিনেতাই সেটে নির্দেশনার জন্য অপেক্ষা করেন। কিন্তু চঞ্চল চৌধুরী সম্পূর্ণ আলাদা। পরিচালক যে লাইন বা দৃশ্য অত্যন্ত যত্নে ও সূক্ষ্ম আবেগে লেখেন, সেটে প্রবেশ করে চঞ্চল সেই দৃশ্যটিকে সম্পূর্ণ নিজের করে নেন। ছোট্ট একটি ভ্রু নাচানো, একটা নিঃশ্বাস ফেলা কিংবা সামান্য কবজি নেড়ে দেওয়ার মতো ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি এমন এক নিখুঁত মুহূর্ত তৈরি করেন, যা চিত্রনাট্যের সীমানা ছাড়িয়ে জীবন্ত হয়ে ওঠে।
পরিচালক আরও বলেন, মনিটরের পিছনে দাঁড়িয়ে দৃশ্য দেখতে দেখতে একসময় স্ক্রিপ্ট বা শটের কথা ভুলেই যেতে হয়। কাগজে কলমে ফুটিয়ে তোলা একটি চরিত্র যখন চোখের সামনে এসে সত্যি সত্যিই শ্বাস নিতে শুরু করে, সেই অনুভূতি এতটাই রোমাঞ্চকর যে তা পরিচালককে পুরোপুরি অভিভূত ও মন্ত্রমুগ্ধ করে দেয়। প্রতিমের মতে, চঞ্চলের এই অভিনয় প্রতিভার জাদু এতটাই প্রবল যে তা যে কাউকে নেশাগ্রস্ত করে তুলতে পারে।
আসছে নতুন প্রজেক্ট
উল্লেখ্য, চঞ্চল চৌধুরীর সঙ্গে এই কাজের প্রশংসার পাশাপাশি পরিচালক সম্প্রতি তাঁর জনপ্রিয় ছবি ‘সাহেব বিবি গোলাম ২’-এরও ঘোষণা করেছেন। সূত্রের খবর অনুযায়ী, আগামী বছরই সেই ছবির শুটিং শুরু হতে পারে। তবে ‘চালচিত্র ২’ বা অন্য কোনো নির্দিষ্ট প্রজেক্টের শুটিং শেষেই প্রতিম এই পোস্টটি করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু না জানা গেলেও, দুই তারকার এই পারস্পরিক বোঝাপড়া যে সিনেমা প্রেমীদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।