ভাড়া দেখাল বারোশো, গন্তব্যে পৌঁছতেই বিল সাড়ে ৫ হাজার! ওলা ক্যাব চড়ে মাথায় হাত যাত্রীদের

অ্যাপ-ক্যাব বুক করার সময় স্ক্রিনে প্রাথমিক ভাড়া দেখানো হয়েছিল ১,২৮৫ টাকা, অথচ রাইড শেষ হতেই যাত্রীদের হাতে ধরানো হলো ৫,৬৬২ টাকার বিশাল এক বিল! দিল্লির বুকে ওলা ক্যাব বুক করে এমন চরম আর্থিক হেনস্থার মুখে পড়েছেন একদল যাত্রী। ৬০ কিলোমিটার দূরত্বের এবং নির্দিষ্ট ঘণ্টার জন্য ক্যাব বুক করা সত্ত্বেও কীভাবে বিল চার গুণেরও বেশি বেড়ে গেল, তা নিয়ে রীতিমতো হতবাক তাঁরা। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন ওই ভুক্তভোগী যাত্রী।
ঠিক কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে যাওয়ার পথে?
যাত্রীর বিবরণ অনুযায়ী, দিল্লির মহিপালপুরের একটি হোটেল থেকে ওলা ক্যাব বুক করে একটি প্রদর্শনীর উদ্দেশ্যে যশোভূমিতে যান তাঁরা। নিয়ম অনুযায়ী গাড়িটি নির্ধারিত সময় পর্যন্ত তাঁদের জন্য অপেক্ষা করার কথা ছিল। এরপর প্রদর্শনী শেষে দুপুর ৩টা ৪৫ মিনিট নাগাদ একই গাড়িতে করে বিমান ধরার উদ্দেশ্যে সোজা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হন তাঁরা। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর চালক অ্যাপে ৫,৬৬২ টাকার বিল দেখিয়ে সেই অর্থ দাবি করলে তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে।
যাত্রীদের অভিযোগ, তাঁরা প্রদর্শনীতে ব্যস্ত থাকলেও অ্যাপের বিলে দেখানো হয়েছে গাড়িটি অতিরিক্ত ২৪০.৫ কিলোমিটার চলেছে! অর্থাৎ যে দূরত্বের জন্য গাড়ি বুক করা হয়েছিল, তার চেয়ে প্রায় ২৫০ কিলোমিটারের বেশি অতিরিক্ত চার্জ ও টোল ট্যাক্স জোড়া হয়েছে বিলে। ছুটির দিন হওয়ায় ওলার কাস্টমার কেয়ারের সাহায্য না পেয়ে বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় গোটা বিল ও রাইডের স্ক্রিনশট পোস্ট করেন তাঁরা।
নেটিজেনদের একাংশের অনুমান, যাত্রীরা প্রদর্শনীতে থাকার সময় চালক গাড়িটি পার্ক করে না রেখে হয়তো ব্যক্তিগত কাজে অন্যত্র চালিয়েছিলেন, যার খেসারত দিতে হচ্ছে যাত্রীদের। ব্যস্ত শহরে বিমান ধরার তাড়াহুড়োর মধ্যে যাত্রীদের এমন চড়া বিলের ফাঁদে পড়ার ঘটনা অনলাইন ক্যাব পরিষেবাগুলির স্বচ্ছতা ও সুরক্ষা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।