পদ্ম শিবিরে ঐতিহাসিক ছবি! হু হু করে বাড়ছে সংখ্যালঘুদের আনাগোনা, পুজো মিটতেই বড় চাল বিজেপির

ধর্ম বা পরিচয়ের বেড়াজাল ভেঙে এবার রাজ্য বিজেপির দফতরে বাড়ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিড়। অতীতে পদ্ম শিবিরের কার্যালয়ে এমন ছবি বিরল হলেও, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে বড় বদল এসেছে বলেই দাবি দলীয় নেতৃত্বের। সূত্রের খবর, বিজেপির নীতি ও উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ দেখিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু মানুষরা যোগাযোগ করছেন দলের সংখ্যালঘু মোর্চার নেতাদের সঙ্গে।
রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের ফল রাজ্যে নতুন সমীকরণ তৈরি করেছে। সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বন্ধুত্বের বার্তা এবং উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দেওয়ার নীতি সাধারণ মানুষের মানসিকতা বদলাতে শুরু করেছে। বিরোধীদের তৈরি করা ‘ভীতি ও ডিটেনশন ক্যাম্পের জুজু’ যে নেহাতই রাজনৈতিক অপপ্রচার ছিল, তা সাধারণ মানুষ বুঝতে পারছেন বলে দাবি পদ্ম শিবিরের।
এই ইতিবাচক হাওয়াকে ধরে রেখেই এবার আরও আক্রমণাত্মক ছক কষছে রাজ্য বিজেপি। পুজো মিটলেই রাজ্যজুড়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বিশেষ কর্মশালা, জেলা সফর এবং একাধিক সাংগঠনিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা চলছে। মূলত সংখ্যালঘুদের অভাব-অভিযোগ শোনা এবং তাঁদের সরাসরি দলের মূলস্রোতে যুক্ত করার ওপরই জোর দিচ্ছে রাজ্য নেতৃত্ব। আসন্ন দিনগুলিতে এই জনসংযোগ কর্মসূচি বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার!