‘পদ্ধতিগত গলদ,’-SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ TMC

পশ্চিমবঙ্গে চলা ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস (TMC)। প্রক্রিয়াটির বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে আবেদন করেছেন তৃণমূলের দুই সাংসদ মালা রায় এবং দোলা সেন। এই গুরুত্বপূর্ণ পিটিশনটি আগামীকাল, মঙ্গলবার বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।

তৃণমূলের দাবি, পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই অত্যন্ত তাড়াহুড়ো করে এই SIR প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে মারাত্মক ভুল তথ্য সংগ্রহ এবং অসংখ্য বৈধ ভোটারের নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, দল অভিযোগ করেছে যে SIR প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া ‘আতঙ্কে মৃত্যুর’ ঘটনাও ঘটেছে।

এই প্রক্রিয়া নিয়ে সোমবারও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “এই দু’মাসের মধ্যে এসআইআর শেষ করা সম্ভব নয়। বিজেপির নির্দেশে এটা গায়ের জোরে করা হচ্ছে। আমি মনে করি বিজেপির বিচার পাওয়ার অধিকার রয়েছে, তাই এই প্রক্রিয়া দু’বছর সময় নিয়ে করা হোক।”

যদিও তৃণমূল স্পষ্ট করেছে যে, তাদের আপত্তি SIR প্রক্রিয়া নিয়ে নয়, বরং যে দ্রুততার সাথে ও অপর্যাপ্ত পরিকাঠামোতে এটি পরিচালনা করা হচ্ছে, সেই পদ্ধতির বিরুদ্ধেই। এই জনবহুল রাজ্যে চলমান SIR পদ্ধতি নিয়ে আদালত কী নির্দেশ দেয়, আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্য-রাজনীতি।