পড়ুয়ারা মাটিতে বসে ক্লাস করে, শিক্ষিকা আরামে চেয়ারে! পা টিপিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল

বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জনের স্থান, কিন্তু মধ্যপ্রদেশের ভোপালের একটি স্কুলে এর বিপরীত চিত্র দেখা গেছে। এখানকার মহাত্মা গান্ধী হাইয়ার সেকেন্ডারি স্কুলের এক শিক্ষিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ক্লাসের মধ্যেই এক ছাত্রকে দিয়ে নিজের পা টিপিয়ে নিচ্ছেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, শ্রেণিকক্ষে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীরা মেঝেতে বসে ক্লাস করছে, আর শিক্ষিকা চেয়ারে বসে আছেন। একসময় তিনি আরেকটি চেয়ারে পা তুলে এক ছাত্রকে ডেকে পা টিপতে বলেন। বেশ কিছুক্ষণ আরামে পা টিপিয়ে নেওয়ার পর, যখন তিনি বুঝতে পারেন যে কেউ ভিডিও রেকর্ড করছে, তখন সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেন।
স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়ার পর ওই শিক্ষিকা দাবি করেন, তার পায়ে ব্যাথা হচ্ছিল এবং এক ছাত্র দেখতে এসেছিল কী হয়েছে। জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। নেটিজেনরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং শিক্ষিকার এমন আচরণকে অমানবিক বলে মন্তব্য করেছেন।
পা ছুঁয়ে প্রণাম না করায় ছাত্রদের বেধড়ক মার শিক্ষিকার
ময়ূরভঞ্জ, ওড়িশা: কিছুদিন আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি সরকারি স্কুলে এক শিক্ষিকার কাণ্ড নিয়েও শোরগোল পড়েছিল। ওই শিক্ষিকা স্কুলের ৩১ জন ছাত্রছাত্রীকে শুধুমাত্র পা ছুঁয়ে প্রণাম না করার অপরাধে বেধড়ক মারধর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকার নাম সুকান্তি কর। অভিযোগ, সকালে প্রার্থনার পর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির যে ছাত্রছাত্রীরা তার পা ছুঁয়ে প্রণাম করেনি, তিনি তাদের ডেকে বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করেন। আহত ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনাটি জানালে তাদের বেটনটি হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়।