পঞ্চায়েতের টাকা নয়ছয়! টাকার হিসাব চাওয়ায় তৃণমূল নেত্রীকে মারধর করলেন দলেরই প্রধান?

পঞ্চায়েতের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে এলো তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দলেরই এক পঞ্চায়েত সদস্যকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। আক্রান্ত সদস্য ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

জানা গেছে, চারঘাট পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই ‘কাটমানি’ নেওয়া এবং দুর্নীতির অভিযোগ ছিল। অভিযোগ, গত তিন বছর ধরে প্রধান টুম্পা সর্দার পঞ্চায়েতের আয়-ব্যয়ের কোনো হিসাব দেননি। সম্প্রতি এক বৈঠকে ১৫৬ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায় হোড় এই বিষয়ে হিসাব চান। এ নিয়ে প্রধানের সঙ্গে তার তীব্র বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, তর্ক চলাকালীন প্রধান হঠাৎই পিঙ্কি রায় হোড়ের উপর চড়াও হন এবং তাকে মারধর করেন।

আক্রান্ত পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায় হোড় বলেন, “পঞ্চায়েতের অ্যাকাউন্ট খালি। কোথায় কত টাকা খরচ হয়েছে, তার হিসাব দেওয়া হয় না। সেই হিসাব চাইতেই আমাকে প্রধান মেরেছেন।” তিনি আরও বলেন, “আমি যতবার বলেছি, হিসাব দিন, উনি বলেছেন, ‘আমি হিসাব দেব না। যা করার করে নাও। যেখানে যাওয়ার যাও’। আমি এর বিচার চাই। দল আমার পাশে রয়েছে।”

যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রধান টুম্পা সর্দারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি স্থানীয় তৃণমূলকে কটাক্ষ করেছে। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে খরচ করা টাকা তুলতে গিয়েই এই ধরনের মারামারি হচ্ছে।