‘নৌকা করে আসছেন মা’, এই বছর দেবীর আগমন নৌকায়, নজির গড়ছে পশ্চিম মেদিনীপুরের এই পুজো

২০২৫ সালে মা দুর্গার আগমন গজে হলেও, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুরে মা আসছেন নৌকায়! লাগাতার বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত হওয়ার পর এবার সেই জলকেই থিম বানিয়ে নজির গড়ছে দাসপুর দুই নম্বর ব্লকের কিসমত খানজাপুর সর্বজনীন পুজো কমিটি। তাঁদের এবারের থিম ‘নৌকাবিহার’।

প্রাকৃতিক বিপর্যয় এবং লাগাতার বৃষ্টির কারণে এই বছর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বারবার জলমগ্ন হয়েছে। জমা জল নিয়ে পুজো উদ্যোক্তারা যখন চিন্তিত ছিলেন, তখন সেই প্রতিকূলতাকেই সৃজনশীলতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন তারা। প্রায় ১৩ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই মণ্ডপে জমা জলের উপর তৈরি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর আদলে একটি কাঠামো। তার পাশেই একটি নৌকায় তৈরি হচ্ছে মূল প্যান্ডেল, যেখানে মা দুর্গাকে সপরিবারে নৌকাবিহাররত অবস্থায় দেখা যাবে।

পুজো কমিটির সদস্য তন্ময় দোলুই জানান, এবার তাদের পুজো ১৫তম বছরে পদার্পণ করেছে। এতদিন যে জল তাদের জন্য বাধা ছিল, এবার সেই জলই এক অসাধারণ থিম ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। দূর থেকে দেখলে মনে হবে, দেবীর সপরিবারে নৌকায় করে আসছেন। এই অভিনব ভাবনা ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বহু মানুষ এখন থেকেই পুজো মণ্ডপ দেখতে আসার জন্য আগ্রহ দেখাচ্ছেন।

এই উদ্যোগ প্রমাণ করে, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কোনও প্রতিকূলতা বাধা হতে পারে না। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার সেই লাইনগুলোই যেন এবার সত্যি হলো— ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে’।