নিহত ৩০, বাড়ছে সংখ্যা! তালিবান ভেবে নিজেদেরই দেশের গ্রামে বোমাবর্ষণ পাকিস্তানের

পাকিস্তানের খাইবার পখতুনখোয়ায় এক ভয়াবহ হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তালিবান শাসিত আফগানিস্তান সীমান্তের কাছে, সোমবার ভোররাতে পাকিস্তানি বায়ুসেনার বিমান হামলায় একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত ২টা নাগাদ খাইবার পখতুনখোয়ার মাত্রে দারা গ্রামে পাকিস্তান বায়ুসেনা পরপর আটটি এলএস-৬ বোমা নিক্ষেপ করে। এই আকস্মিক হামলায় মুহূর্তের মধ্যে গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে (যেগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি) দেখা যাচ্ছে, পুরো গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন এবং আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হচ্ছে।
খাইবার পখতুনখোয়া বরাবরই তালিবানদের অন্যতম প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত। আফগানিস্তান সীমান্তের কাছে হওয়ায় তালিবান জঙ্গিরা প্রায়শই এই এলাকায় আস্তানা গড়ে তোলে। পাকিস্তান সরকার এই অঞ্চলে তাদের উপস্থিতি নিয়ে বরাবরই উদ্বিগ্ন। মনে করা হচ্ছে, তালিবান জঙ্গিদের দমনের উদ্দেশ্যেই এই বিমান হামলা চালানো হয়েছে। তবে, এই হামলার প্রধান শিকার হয়েছে সাধারণ মানুষ, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এই হামলা কি ভুল করে সাধারণ মানুষের উপর করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।