নির্মম! জুম্মু ও কাশ্মীরের হাসপাতালে ৫-৬ মাসের শিশুকন্যার দেহ উদ্ধার, শুরু হয়েছে ডিএনএ পরীক্ষা

জম্মু ও কাশ্মীরের ডোডা-তে অবস্থিত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের শৌচাগার থেকে এক মৃত সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর স্যানিটেশন ও নিরাপত্তা পরীক্ষার সময় হাসপাতালের কর্মীরা শিশুটির দেহ খুঁজে পান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শিশুটির বয়স ছিল পাঁচ থেকে ছয় মাস। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ তনভীর আহমেদ জানিয়েছেন, ঘটনার পর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয় এবং তারা মামলা নথিভুক্ত করেছে।
পুলিশ পোস্ট ডিস্ট্রিক্ট হসপিটাল (PPDH) ডোডা ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ৯৪ (লাশ গোপনে ফেলে জন্ম লুকানো)-এর অধীনে একটি মামলা দায়ের করেছে।
মেডিকেল সুপারিনটেনডেন্ট আরও জানান, ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ঘটনার মূল কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। ডিএনএ নিশ্চিতকরণের পরই পরবর্তী তথ্য জানানো হবে।