নিজের ১৫ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ, বাবাকে গ্রেপ্তার করল পুলিশ

এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনায় কেঁপে উঠেছে কোচবিহারের তুফানগঞ্জ। নিজের ১৫ বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নির্যাতিতার মা তুফানগঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের ১৫ বছরের মেয়েটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিযোগ, বাড়িতে যখন কেউ থাকত না, সেই সুযোগে বাবা তাকে ধর্ষণ করত। এই কুকীর্তির কথা কাউকে জানালে তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল, যার ফলে ভয়ে এতদিন মেয়েটি কাউকে কিছু জানায়নি।
সম্প্রতি মেয়ের শারীরিক কিছু পরিবর্তন দেখে মায়ের সন্দেহ হয়। মেয়েকে বারবার জিজ্ঞেস করলে সে তার বাবার ঘৃণ্য কুকীর্তির কথা মাকে জানায়। এরপরই মা রাতেই তুফানগঞ্জ থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
নির্যাতিতার মা বলেন, “স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে অশান্তি ছিলই। কিন্তু নিজেরই মেয়ের সঙ্গে যে এমন করবে, সেটা কল্পনাও করতে পারিনি।” তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
তুফানগঞ্জের এসডিপিও কে মনোজ কুমার জানান, “অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।” শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।