“নিজের বুথেই ২০০ ভোটে হারবেন মমতা!” ভোট মিটতেই ভবানীপুরে জয়ের ব্যবধান নিয়ে বিস্ফোরক শুভেন্দু

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্তিম লগ্নে এসে বঙ্গ রাজনীতির পারদ এখন ফুটছে। ভোট মিটতেই আত্মবিশ্বাসের তুঙ্গে বিজেপি শিবির। বিশেষ করে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী যেভাবে পরিসংখ্যান দিয়ে জয়ের দাবি করেছেন, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু সাফ জানিয়ে দিলেন, এবার আর তৃণমূলের ‘ভোট লুঠের’ ফর্মুলা চলেনি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়াতেই হারতে চলেছেন বলে দাবি তাঁর।

শুভেন্দুর দাবি অনুযায়ী, এবারের নির্বাচনে তৃণমূলের ছাপ্পা ভোটের পরিকল্পনা ভেস্তে দিয়েছে বিজেপি। তিনি বলেন, “এবারে হাতে গোনা গোটা দশেক বুথেও ওরা ছাপ্পা মারতে পারেনি। ৭৭ নম্বর বুথে তো পুরুষরা বোরখা পরে ভোট দিতে এসেছিল! আমি নিজেই তাদের হাতেনাতে ধরেছি। আমি পুলিশ পর্যবেক্ষককে ধন্যবাদ দেব যে, আমি যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ওদের রীতিমতো ‘ধোলাই’ দিয়েছে।” শুভেন্দুর মতে, ২৬৭টি বুথে এই প্রথম বিজেপি সফলভাবে এজেন্ট বসাতে পেরেছে, যা গত কয়েক বছরে অভাবনীয় ছিল। ৩টি বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হলেও বিজেপি কর্মীরা ফের তাদের বুথে ঢুকিয়ে দিয়েছেন।

নির্বাচনের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে শুভেন্দু অধিকারী বলেন, “আগে দেখা যেত মুসলিম বুথে ৯৫ শতাংশ ভোট পড়ত। কিন্তু এবার চিত্র বদলে গিয়েছে। এবার হিন্দু বুথগুলোতে ৯৫ শতাংশ পোলিং হয়েছে। ২০ হাজার গুজরাটি, ১২ হাজার মারওয়াড়ি এবং ৪ হাজার পাঞ্জাবি ভোটার— এঁরা এবার বুক ফুলিয়ে ভোট দিয়েছেন। কাউকে ভয় পাননি। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হরিশ মুখার্জি স্ট্রিটের বর্ধিষ্ণু পরিবারগুলো এবার বিজেপিকে দু’হাত ভরে আশীর্বাদ করেছে।” শুভেন্দুর ভবিষ্যদ্বাণী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথেই অন্তত ২০০ ভোটে হারবেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সৌজন্যতা ও রাজনৈতিক লড়াই নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু কিছুটা শ্লেষের সুরেই বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে ঘুরে পেরে ওঠেননি, বয়স হয়েছে তো! অসীম বসুর বাড়িতে যখন আমি ওনাকে দেখেছিলাম, তখন ওনার ভিতরে ঢুকে যাওয়ার দরকার ছিল না। আমি সৌজন্যতা জানি, আমি ওনাকে কিছুই করতাম না। কিন্তু আমার গাড়ি দেখেই ওনার ভিতরে ঢুকে যাওয়া প্রমাণ করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কতটা ভয় পাচ্ছেন।” সব মিলিয়ে শুভেন্দু অধিকারী নিশ্চিত যে, তিনি অন্তত ২০ হাজার ভোটের ব্যবধানে ভবানীপুরে জয়ী হতে চলেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy