নায়াগ্রা জলপ্রপাত দেখে ফেরার পথে নিউইয়র্ক স্টেট হাইওয়েতে উল্টে গেল বাস! মৃত্যু কমপক্ষে ৫ জনের

বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত দেখে ফেরার পথে একটি বাস উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। বাসটিতে ভারতীয়, চীনা এবং ফিলিপিন্সের নাগরিকরা ছিলেন।

দুর্ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক স্টেট হাইওয়েতে, পেমব্রুকের কাছে।শুক্রবার সন্ধ্যায় ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি কানাডা থেকে ফিরছিল।নিউইয়র্ক পুলিশের মেজর আন্দ্রে রে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।বাসে কোনো যান্ত্রিক সমস্যা ছিল না এবং চালকও মদ্যপ অবস্থায় ছিলেন না বলে পুলিশ নিশ্চিত করেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল। নিহতদের মধ্যে কোনো শিশু নেই বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে কতজন ভারতীয় নাগরিক আছেন, তা এখনও স্পষ্ট জানা যায়নি।

পুলিশ এখন বাসের চালকের সঙ্গে কথা বলছে, যিনি অক্ষত আছেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা চালকের কথা শুনে দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে চান।

নিউইয়র্কের গভর্নর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।