নস্যি রঙের ব্লাউজ, সোনালি শাড়ি! ২৯তম বিবাহবার্ষিকীতে আবেগঘন অভিনেত্রী

নস্যি রঙের ব্লাউজ, সোনালি রঙের শাড়ি, খোঁপা বাঁধা চুল, হালকা মেকআপ আর কপালে বড় টিপ—পাশে বসে থাকা নিপাট ভালোমানুষ স্বামীর সঙ্গে আইনি কাগজে সই করার মুহূর্ত হোক কিংবা গলায় রজনীগন্ধার মালা পরে দম্পতির হাসিমুখের ছবি—সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্তগুলো শেয়ার করে নিলেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (যিনি ইন্ডাস্ট্রিতে ‘অপা’ নামেই বেশি পরিচিত)। সিরিয়াল, সিনেমা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েবল সিরিজে নিজের অনবদ্য অভিনয়ের জাদুতে বহু আগেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। আর আজ, দেখতে দেখতে জীবনের ২৯টি বছর সাফল্যের সঙ্গে পার করে ফেললেন অভিনেত্রী অপরাজিতা ও তাঁর স্বামী অতনু হাজরা।
শ্বশুরবাড়ি ও স্বামীর প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা
২৯তম বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে নিজের রেজিস্ট্রি ও সামাজিক বিয়ের কিছু অমূল্য স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। জীবনের এই দীর্ঘ পথচলায় স্বামী অতনু এবং তাঁর শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষের অবদান কতটা, তা অকপটে স্বীকার করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে অপরাজিতা লেখেন, “আমার জীবনের সবথেকে বড় পুরস্কার আমার বিয়ে। ছোটবেলা থেকেই নানান পরিস্থিতিতে আমাকে বহুবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, কিন্তু শ্বশুরবাড়িতে কখনও সেটা হয়নি। আমার ভুলটুকু দেখেননি কেউ। ভুল করলেও বলা হয়েছে এর পেছনে নিশ্চয়ই কোনো ভালো কারণ আছে।” অভিনেত্রীর কথায়, তাঁর সমস্ত অসম্পূর্ণতাকে যেভাবে আপন করে নিয়েছে তাঁর শ্বশুরবাড়ির সকলে, সেই নিঃস্বার্থ গ্রহণযোগ্যতাই তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। পাশাপাশি, এই দীর্ঘ জীবনযুদ্ধে তাঁর সবথেকে বড় সঙ্গী হিসাবে পাশে থাকার জন্য স্বামী অতনুর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। কঠিন সময়ে প্রতিটি মুহূর্তে স্ত্রীর পাশে থেকে অপরাজিতাকে সবসময় এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন অতনু।
ভালোবাসায় ও যত্নে গড়া মসৃণ দাম্পত্য
তবে শুধু শ্বশুরবাড়ির মানুষ বা স্বামীর দিক থেকেই নয়, একটি সংসারকে ভালোবেসে টিকিয়ে রাখতে এবং দীর্ঘ ২৯ বছর ধরে এই সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে অপরাজিতার নিজেরও অবদান কম ছিল না, তা গত বছরের বিবাহবার্ষিকীর একটি পোস্টে তুলে ধরেছিলেন অভিনেত্রী নিজেই। সংসারে প্রবেশ করে শুধুমাত্র নিজের দায়িত্ব পালন হওয়াই নয়, বরং পরিবারের প্রতিটি মানুষকে সমান যত্নে আগলে রেখেই আজ এক সুখে ভরা সফল দাম্পত্যের মাইলফলক স্পর্শ করলেন এই জনপ্রিয় তারকা জুটি।