নতুন লাইনে উচ্ছ্বাস, পুরোনোতে দুর্ভোগ! কেন বারবার থমকে যাচ্ছে কলকাতা মেট্রো?

কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আবারও বিভ্রাট। গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা থমকে যাওয়ায় নাজেহাল হয়েছেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ হঠাৎ করে গ্রিন লাইনে সমস্যা দেখা দেয়। এর ফলে প্রায় আধ ঘণ্টা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা আংশিক বন্ধ ছিল। সকাল ১১টা ৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিভ্রাট। তারা এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে নিত্যযাত্রীদের অভিযোগ, নতুন রুট চালু হওয়ার পর থেকে পুরোনো রুটগুলিতে বিভ্রাট বেড়েই চলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইনের সংযোগকারী নতুন রুটের উদ্বোধন করলেও, পুরোনো লাইনগুলিতে বারবার সমস্যা দেখা দিচ্ছে।
ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষে প্ল্যাটফর্ম বসে যাওয়ায় শহীদ ক্ষুদিরাম থেকে উত্তর-দক্ষিণ শাখার মেট্রো চলছে। এর ফলে কবি সুভাষের যাত্রীদের শহীদ ক্ষুদিরাম স্টেশনে গিয়ে মেট্রো ধরতে হচ্ছে। প্রায়শই টালিগঞ্জ থেকেই ঘোষণা না করে মেট্রো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
নিত্যযাত্রীদের অভিযোগ, মেট্রো চড়ে অফিসে যাওয়া এখন বিভীষিকায় পরিণত হয়েছে। বুধবার থেকে গ্রিন লাইনেও গোলযোগ শুরু হওয়ায় সমস্যা আরও বেড়েছে। যে রুটে সরাসরি হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছানোর কথা, সেখানে বিকল্প পথে এবং অতিরিক্ত টাকা খরচ করে অফিসে পৌঁছতে হচ্ছে, যা যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।