নতুন বছরের শুরুতেই মৃত্যুমিছিল সুইৎজারল্যান্ডে! বিলাসবহুল বারে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন উৎসবের রাত

নতুন বছরকে স্বাগত জানাতে যখন উৎসবে মেতেছিল গোটা বিশ্ব, ঠিক তখনই এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সুইৎজারল্যান্ডের শান্ত আল্পাইন শহর ক্র্যান্স মন্টানা। স্থানীয় সময় অনুসারে বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ শহরের অত্যন্ত জনপ্রিয় এবং বিলাসবহুল ‘Le Constellation’ বারে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অসংখ্য পর্যটক। যদিও হতাহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট করেনি প্রশাসন।

সুইস পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে। বর্ষবরণের রাতে এই বারটিতে অন্তত ১০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। হলিডে সিজন হওয়ায় ভিড়ের সিংহভাগই ছিল বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক। বিলাসবহুল এই স্কি রিসর্ট টাউনে বছর শেষের পার্টি চলাকালীন হঠাতই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে বারের পরিকাঠামো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিস্ফোরণের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি থেকেই এই বিপর্যয় ঘটেছে। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের মধ্যে বিদেশি পর্যটকদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় আন্তর্জাতিক স্তরেও এই ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে সুইস পুলিশ এবং ফরেন্সিক দল তদন্ত শুরু করেছে।