নজর কাড়ছে ৩৯ দেশের ২১৫টি ছবি! এই উৎসবে দেখুন ঋত্বিক ঘটক, গুরু দত্ত ও রিচার্ড বার্টনকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

আজ, বৃহস্পতিবার ৬ নভেম্বর, বিকেল ৪টের সময় ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে পর্দা উঠতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং প্রখ্যাত পরিচালক রমেশ সিপ্পি। এছাড়াও আরতি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিউডের একগুচ্ছ তারকাদের সমাগম হতে চলেছে।
প্রতিবারের মতো এবারও উৎসবে দেশ-বিদেশের বাছাই করা উন্নতমানের চলচ্চিত্রের প্রদর্শনী হবে। এবারের উৎসবে ভারতসহ মোট ৩৯টি দেশ থেকে ২১৫টি ছবি দেখানো হবে। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ মোট ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি প্রদর্শিত হবে।
উৎসবে ছয়টি প্রতিযোগিতামূলক বিভাগ থাকছে। এর মধ্যে আন্তর্জাতিক বিভাগে ১৪টি ছবি, ভারতীয় বিভাগে ১৪টি ছবি, এশিয়ান সিয়েট নেটপ্যাক বিভাগে ৯টি ছবি এবং বাংলা প্যানোরমা বিভাগে ৭টি ছবি প্রদর্শিত হবে।
এবার উৎসবের বিশেষ আকর্ষণ ফোকাস কান্ট্রি পোল্যান্ড। এই দেশের প্রায় ১৯টি ছবি দেখানো হবে এবং সেদেশের চলচ্চিত্র পরিচালকেরা উৎসবে উপস্থিত থাকবেন।
এছাড়াও, এবার শতবর্ষ পূর্ণ হওয়া কিংবদন্তিদের বিশেষ শ্রদ্ধা জানানো হবে। তালিকায় রয়েছেন ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন, স্যাম পিচকিনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী ও রাজ খোসলা। ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’-সহ মোট সাতটি ছবি দেখানো হবে। ঋত্বিক ঘটককে নিয়ে নন্দনে একটি বিশেষ প্রদর্শনী ‘দ্য সাবঅল্টার্ন ভয়েস’ অনুষ্ঠিত হবে এবং শিশির মঞ্চে তাঁকে নিয়ে সেমিনারে বলবেন পরিচালক আদুর গোপালকৃষ্ণন। গগনেন্দ্র প্রদর্শনশালায় শতবর্ষে প্রদীপ কুমার, গুরু দত্ত, সন্তোষ দত্ত, স্যামুয়েল ওল্টম্যান, রিচার্ড বার্টন, স্যাম পিচকিনপা এবং ওজিসিচ হ্যাসকে শ্রদ্ধা জানানো হবে। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর শিশির মঞ্চে।