ধর্ষিতার নাম প্রকাশে আইনি নিষেধাজ্ঞা, কেন সর্বত্র উচ্চারিত হয় বিলকিস বানোর নাম?

সুপ্রিম কোর্ট কর্তৃক দুই অপরাধীর যাবজ্জীবন সাজা স্থগিত করার পর থেকে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ মামলা। শীর্ষ আদালতের এই নির্দেশে তীব্র ক্ষোভ ও ভয়ের কথা প্রকাশ করেছেন খোদ বিলকিস। আর এই ঘটনার পরেই ফের একটি পুরোনো আইনি ও নৈতিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে—যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিচয় প্রকাশে কঠোর আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন সর্বদাই বিলকিস বানোর নাম ও ছবি প্রকাশ্যে ব্যবহার করা হয়?

কী বলছে দেশের আইন?

ভারতীয় দণ্ডবিধির ২২৮এ ধারা এবং বর্তমানের ভারতীয় ন্যায় সংহিতার ৭২ নম্বর ধারা অনুযায়ী, যৌন অপরাধের শিকার হওয়া কোনো ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তবে আইনের ৭২(২)(বি) উপধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্যাতিতা যদি নিজে লিখিতভাবে বা স্বেচ্ছায় নিজের পরিচয় প্রকাশ করতে চান, সে ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকে না। ২০১৮ সালে নিপুণ সাক্সেনা বনাম ভারত সরকারের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, প্রাপ্তবয়স্ক কোনো নির্যাতিতা সচেতনভাবে অনুমতি দিলে তাঁর নাম প্রকাশ করা যেতে পারে।

কেন নিজের পরিচয় গোপন রাখেননি বিলকিস?

আইনজীবীদের একাংশের মতে, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় যে নৃশংসতার শিকার হয়েছিলেন বিলকিস, সেই অপরাধীরা ছিল তাঁরই পূর্বপরিচিত প্রতিবেশী। আদালতে ও জনসমক্ষে অপরাধীদের সরাসরি আঙুল তুলে চিহ্নিত করার জন্যই তিনি নিজের পরিচয় গোপন না করার সিদ্ধান্ত নেন।

তাছাড়া, সমাজে ধর্ষণের শিকার নারীদেরই বহুলাংশেসামাজিক লজ্জা বা কলঙ্কের ভয়ে মুখ লুকাতে বাধ্য করা হয়। প্রচলিত এই সামাজিক ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিলকিস। তাঁর জোরালো মত ছিল—তিনি তো কোনো অপরাধ করেননি, তবে কেন তিনি অপরাধীর মতো মুখ লুকোবেন? পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সুজেট জর্ডনও ঠিক একইভাবে নিজের মুখ থেকে ঢাকা সরিয়ে নিয়ে সর্বসমক্ষে মাথা উঁচু করে লড়াই করেছিলেন। বিলকিসও প্রতিশোধের জন্য নয়, বরং তাঁর তিন বছরের মৃত কন্যা সালেহা এবং নিহত পরিবারের ন্যায়বিচারের জন্যই নিজের নাম ও মুখ সামনে রেখেই দীর্ঘ আইনি লড়াই চালিয়ে গেছেন।

নতুন মোড় ও বর্তমান পরিস্থিতি

সম্প্রতি সুপ্রিম কোর্ট এই মামলার দুই দোষী—বিপিনচাঁদ কানাইয়ালাল জোশী এবং প্রদীপ রামনলাল মোড়িয়ার যাবজ্জীবনের সাজা স্থগিত করেছে। এরপরই নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছেন বিলকিস বানো। বিচারব্যবস্থার ওপর তাঁর আস্থাও প্রশ্নচিহ্নের মুখে পড়েছে বলে জানিয়েছেন তিনি। এমতাবস্থায় প্রবীণ আইনজীবীদের জোরালো দাবি, দেশের আইনের কথা মাথায় রেখেই রাষ্ট্র তথা প্রশাসনের উচিত অবিলম্বে বিলকিস বানোকে উপযুক্ত ও কঠোর নিরাপত্তা প্রদান করা।