বাবার ফোন ধরলেন না মেয়ে! বাথরুম থেকে উদ্ধার তরুণী সাব-ইনস্পেক্টরের নিথর দেহ, রহস্য তুঙ্গে

নয়ডায় রহস্যমৃত্যু! নিজের সরকারি কোয়ার্টার থেকেই এক তরুণী সাব-ইনস্পেক্টরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জারচা থানায় কর্মরত ছিলেন ওই পুলিশ আধিকারিক। মঙ্গলবার তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আর্যা ঘট

আপডেট করা হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৬, ২০:২৩ IST

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী সাব-ইনস্পেক্টরের নাম রশ্মি গৌতম (২৭)। তিনি উত্তরপ্রদেশ পুলিশের ২০২৩ ব্যাচের আধিকিক ছিলেন।

ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার সকালে রশ্মির বাবা বারবার তাঁকে ফোন করলেও ওপার থেকে কোনো সাড়া মেলেনি। মেয়ের কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সরাসরি থানায় যোগাযোগ করে সহকর্মীদের বিষয়টি জানান। এরপর সহকর্মীরা থানা চত্বরে অবস্থিত তাঁর সরকারি কোয়ার্টারে গিয়ে বাথরুমের ভেতর তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে জারচা থানার ইনচার্জ কৈলাশ নাথ জানান, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।”

পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এই আকস্মিক মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।