রবিবারের মাংসে টান! ভুট্টার আকালে কি উধাও হবে চিকেন? চিন্তায় খাদ্যরসিক বাঙালি

খাদ্যরসিক বাঙালির পকেটে ফের ছ্যাঁকা লাগার জোগাড়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া দামের বাজারে সাধারণ মানুষের আমি আমিষের পাতে তুলনামূলক সস্তা ছিল মুরগির মাংস। কিন্তু এবার সেই চিকেনের দামেও আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়েছে। পোলট্রি মুরগির প্রধান খাবার ভুট্টার দানার তীব্র আকালের জেরে বাজারে মাংসের জোগান মার খাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
ইটিভি ভারত বাংলা টিম
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, রাত ৮:২৮ IST
দেশজুড়ে পোলট্রি শিল্পে এক গভীর সংকট দানা বাঁধছে। মুরগির প্রধান খাদ্য হিসেবে ভুট্টার দানার ব্যবহার সবচেয়ে বেশি। কিন্তু বর্তমানে ইথানল তৈরি সহ অন্যান্য বহুমুখী কাজে ভুট্টার ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পোলট্রি খাদ্যের জোগান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, রবিবারের দুপুরে বাঙালির পাতে মুরগির মাংস রাখা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
সংকটের মূল কারণ কী?
পোলট্রি ব্যবসায়ীদের সূত্রে জানা যাচ্ছে, দেশে যে পরিমাণ ভুট্টা উৎপাদন হয়, তা দিয়ে পোলট্রি ফিড এবং অন্যান্য বাণিজ্যিক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ছে। ইথানল তৈরিতে বিপুল পরিমাণ ভুট্টা চলে যাওয়ায় পোলট্রি শিল্পের জন্য প্রয়োজনীয় জোগানে টান পড়েছে। শুধু তাই নয়, এ রাজ্যে যে পরিমাণ ভুট্টা উৎপন্ন হয়, তার মাধ্যমে মোটের ওপর ৫০ শতাংশ মুরগির খাবার মেলে, বাকি অংশ ভিনরাজ্য থেকে আনিয়ে চাহিদা মেটাতে হয়।
এই গোটা পরিস্থিতি নিয়ে ‘অল ইন্ডিয়া এগ কো-অর্ডিনেশন কমিটি’র পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান মদনমোহন মাইতি জানান, ভুট্টার দানার এই সংকটের কথা দেশের প্রতিটি রাজ্যের পোলট্রি ব্যবসায়ীরা সরকারকে চিঠি দিয়ে অবগত করেছেন এবং অবিলম্বে সংকট কাটাতে সুনির্দিষ্ট পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।
সমাধানের পথ কোথায়?
ব্যবসায়ীদের একাংশের মতে, এই মুহূর্তে একমাত্র পথ হলো বিদেশ থেকে ভুট্টা আমদানি করা। কিন্তু এক্ষেত্রেও রয়েছে বড় আইনি ও বাণিজ্যিক বাধা। আমেরিকা-সহ বেশিরভাগ রাষ্ট্রে জেনিটিক্যালি মডিফায়েড (GM) ভুট্টা চাষ করা হয়, যা আমাদের দেশে চাষ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একমাত্র ইংল্যান্ড এবং মায়ানমারে আমাদের দেশের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট মানের ভুট্টা চাষ করা হয়। এখন প্রশ্ন উঠছে, এই আমদানির পুরো প্রক্রিয়াটি কে পরিচালনা করবে এবং কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা কি এর দায়িত্ব নেবে? এই সমস্ত বিষয়ের ওপরই আগামী দিনের বাজারের স্থায়িত্ব নির্ভর করছে।
বাজারে এর কী প্রভাব পড়বে?
হিসাব বলছে, এক একটি রাজ্যে প্রতি সপ্তাহে আনুমানিক ২ কোটি ৮০ লক্ষ কেজি মুরগির মাংসের চাহিদা থাকে। শীতের মরসুমে এই চাহিদা আরও কিছুটা বাড়ে। বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি মুরগির মাংস ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিন্তু ভুট্টার আকালের জেরে উৎপাদন মার খেলে বাজারে জোগানে টান পড়বে এবং হু হু করে চড়বে দাম। আর এই সুযোগে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বাড়লে সাধারণ মানুষের পকেট যে আরও ফাঁকা হবে, তা বলাই বাহুল্য। এখন এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।