ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি! গুরুগ্রামে বাঙালি যুবতীর ব্ল্যাকমেলিংয়ের কান্ডে তোলপাড়

ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে ভুয়ো ধর্ষণ মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেফতার হলেন এক তরুণী। ধৃতের নাম সূর্যদিতা দাস (২৪)। তিনি মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও কর্মসূত্রে গুরুগ্রামের সুশান্তলোকে বসবাস করতেন এবং তিনি একজন এমবিএ স্নাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে অঙ্কিত আগরওয়াল নামে এক বেসরকারি সংস্থাসম্পন্ন কর্মীর সঙ্গে পরিচয় হয় সূর্যদিতার। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লেও পরবর্তীতে শুরু হয় ব্ল্যাকমেলিং। অভিযোগ, মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার ও তাঁর পরিবারকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে দফায় দফায় নগদ ও ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে প্রায় ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেন ওই তরুণী। তবে অত্যাচারের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় গত ৪ অক্টোবর গুরুগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন অঙ্কিত।
অভিযোগ পাওয়ার পরই কালবিলম্ব না করে আসরে নামে পুলিশ। পরিকল্পনা মাফিক অঙ্কিত সেক্টর ৪৭-এর সোহনা রোডের একটি ক্যাফেতে আরও ৫০ হাজার টাকা দেওয়ার নাম করে সূর্যদিতাকে ডাকেন। সেখানে আগে থেকেই সাদা পোশাকে ওত পেতে বসে থাকা পুলিশ অফিসাররা অঙ্কিতের দেওয়া টাকা হাতেনাতে নেওয়ার সময় তরুণীকে পাকড়াও করেন। পুলিশ তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৯৫ লক্ষ টাকা ফ্রিজ করে দিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৮(৫) ধারায় তোলাবাজির মামলা রুজু করে তাঁকে আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রের নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।