দ্বাদশ পাস করলেই সোনা ফলবে! ভারতীয় সেনায় অফিসার হওয়ার দারুণ সুযোগ, রইল আবেদনের বিশদ।

দেশের তরুণ প্রজন্মের জন্য ভারতীয় সেনাবাহিনীতে সরাসরি অফিসার পদে যোগদানের এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। দ্বাদশ শ্রেণি পাশ করা অবিবাহিত যুবকদের জন্য ’10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম (TES-57)’ এর অধীনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই কোর্সের প্রশিক্ষণ জুলাই ২০২৭ থেকে শুরু হবে।
আবেদনের যোগ্যতা ও মাপকাঠি:
এই বিশেষ এন্ট্রির জন্য শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১৬ বছর ৬ মাস থেকে ১৯ বছর ৬ মাসের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স (PCM) নিয়ে দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি, চলতি বছরের জেইই মেইন (JEE Main 2026) পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
প্রশিক্ষণ ও আকর্ষণীয় বেতন কাঠামো:
নির্বাচিত তরুণদের চার বছরের কঠোর সামরিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলাকালীনই তাঁদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করানো হবে এবং প্রতি মাসে ৫৬,১00 টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার পর প্রার্থীরা সরাসরি ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে স্থায়ী কমিশন পাবেন। এই পদে নিয়োজিত একজন অফিসারের বার্ষিক বেতন প্যাকেট বা CTC প্রায় ১৭ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
নির্বাচন পদ্ধতি ও শারীরিক মাপকাঠি:
প্রার্থীদের প্রথমে দ্বাদশ শ্রেণির নম্বর এবং জেইই মেইন স্কোরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এর পরে তাঁদের সার্ভিস সিলেকশন বোর্ড (SSB) ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে হবে। শারীরিক ফিটনেসের ক্ষেত্রে ১০ মিনিট ৩০ সেকেন্ডে ২.৪ কিলোমিটার দৌড়, ৪০টি পুশ-আপ, ৬টি পুল-আপ এবং ৩০টি সিট-আপের মতো কঠোর মাপকাঠি পূরণ করতে হবে। এই সুযোগটি তরুণদের জন্য এক সোনালী ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি।