দৈনিক ৬০ কিলোমিটার যাতায়াতের ধকল! বড় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি কোন প্রাক্তন বিচারপতির?

রাজ্যে এসআইআর (SIR) সংক্রান্ত মামলার জট কাটানোর প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা। প্রতিদিন দীর্ঘ পথ যাতায়াতের ধকল সইতে না পেরে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। সল্টলেক থেকে জোকার ট্রাইব্যুনাল অফিসে যাতায়াতের এই শারীরিক ধকল এড়াতে তিনি কাজ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে শর্ত হিসেবে জানিয়েছেন, বাড়িতে কাজের ব্যবস্থা করে দিলে তিনি দায়িত্ব চালিয়ে যেতে প্রস্তুত।
কেন এই অব্যাহতি চাওয়ার সিদ্ধান্ত?
মুর্শিদাবাদ জেলার ১১ নম্বর এসআইআর আপিল ট্রাইব্যুনালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশমতো গঠিত এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন নিষ্পত্তির কাজ চলছে। কিন্তু সম্প্রতি তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক নীলম মীনাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে, তাঁর পক্ষে প্রতিদিন প্রায় ৬০ কিলোমিটার যাতায়াত করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে তিনি জানান, তাঁর বয়স হয়েছে এবং প্রতিদিন জ্যামের মধ্যে তিন থেকে চার ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। সরকারি গাড়ি ও পাইলট কারের পেছনে খরচ হলেও এই ধকল তাঁর পক্ষে আর নেওয়া সম্ভব নয়। আগামী ২ নভেম্বর থেকে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এর আগেও প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ব্যক্তিগত কারণে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।
মামলার গতি নিয়ে বাড়ছে শঙ্কা
বিশেষজ্ঞদের মতে, মুর্শিদাবাদ জেলাতেই যেখানে সাত লক্ষাধিক আবেদনকারীর মধ্যে মাত্র হাজারখানেক মামলার নিষ্পত্তি হয়েছে, সেখানে এই পরিস্থিতিতে বিচারপতি দায়িত্ব ছাড়লে মামলার জট আরও দীর্ঘায়িত হতে পারে। ফলে এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও আইনি মহলে এখন শুরু হয়েছে ব্যাপক চর্চা।