দুষ্কৃতীদের গুলিতে অল্পের জন্য রক্ষা পেলেন মহিলা পঞ্চায়েত সদস্য, প্রতিবাদে এলাকায় মিছিল

চোরকে ধরে সাহসিকতার পরিচয় দিতে গিয়ে হামলার শিকার হলেন এক মহিলা পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার তালবান্দা এলাকায়। গতকাল রাতে একটি মন্দিরে চুরি হচ্ছে শুনে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার। সেখানেই তিনি একজনকে ধরে ফেললে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
জানা গেছে, চোর ধরা পড়ার পর সে তার সঙ্গীদের ফোনে খবর দেয়। এর কিছুক্ষণ পরই দুটি বাইকে করে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে হাজির হয়। তারা সরাসরি পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকারকে লক্ষ্য করে তার পায়ের সামনে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।
এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ঘটনার পর, অভিযুক্ত দুষ্কৃতীদের দ্রুত শাস্তির দাবিতে ঝর্ণা সরকার এলাকায় একটি প্রতিবাদ মিছিল করেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।