দুর্গাপুজোয় তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির! আসানসোলের এই মণ্ডপে পাবেন দক্ষিণ ভারতের স্বাদ

এবার দুর্গাপূজায় দক্ষিণ ভারতের বিখ্যাত রামেশ্বরম মন্দিরের আদলে সেজে উঠেছে আসানসোলের একটি পুজো মণ্ডপ। দর্শনার্থীরা যেন হাতের কাছেই এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আসানসোল আপার চেলিডাঙ্গা দুর্গা পূজা এবার ৬০তম বর্ষে পদার্পণ করছে। পুজো কমিটির সম্পাদক উৎপল রায়চৌধুরী জানান, তারা প্রতি বছরই নতুন নতুন থিমে চমক দেওয়ার চেষ্টা করেন। এবার প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে বাঁশ এবং প্লাই দিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের পুরো কাঠামোটি সাদা রঙের, এবং ফোম দিয়ে রামেশ্বরম মন্দিরের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে।
মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দর্শনার্থীরা ঠিক রামেশ্বরম মন্দিরের মতোই নকশা দেখতে পাবেন। মন্দিরের ভেতরেই স্থাপন করা হয়েছে কৃষ্ণনগর থেকে আনা মা দুর্গার প্রতিমা। এছাড়াও মণ্ডপের ভেতরে ও বাইরে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। তাই আসানসোলের এই মণ্ডপটি এবারের পূজায় একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে।