দিল্লি থেকে রাজ্যে ফিরতেই তীব্র রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পা রাখতেই একদল বিক্ষোভকারীর ‘চোর, চোর’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। নিরাপত্তার কড়া বলয় সত্ত্বেও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এলাকা জুড়ে তৈরি হয় চাঞ্চল্য।
তবে বিমানবন্দরের ঘটনা ছাপিয়ে এই মুহূর্তে মূল আলোচনার বিষয় কলকাতা হাইকোর্টের নির্দেশ। আদালতের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজ্যের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে হাজিরা দিতে হবে।
বিমানবন্দরে নামার পর থেকেই রাজনৈতিক মহলের নজর ছিল অভিষেকের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রশ্ন উঠছিল, তিনি কি বিমানবন্দর থেকে সরাসরি হাজিরা দিতে ভবানী ভবনের পথে রওনা দেবেন? সূত্রের খবর, আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে নিজের কর্মসূচি সেভাবেই সাজিয়েছেন অভিষেক। যদিও এ বিষয়ে তৃণমূলের অন্দরে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে।
বিমানবন্দরের বাইরে বিক্ষোভে কিছুক্ষণের জন্য শোরগোল তৈরি হলেও, পুলিশি তৎপরতায় কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি থাকলেও সব পরিস্থিতি সামলে অভিষেক নিজের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তিনি হাজিরা দেবেন কি না, সেটাই এখন দেখার বড় বিষয়।





