দিল্লির পর এবার বাংলায় বড় চাল! জেন জি-র ‘ককরোচ জনতা পার্টি’তে জায়গা পেলেন কারা?

সোশ্যাল মিডিয়ার একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে জন্ম নিয়ে এখন দেশের জাতীয় রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা CJP। বিশেষ করে দেশের জেন জি (Gen Z) প্রজন্মের বিপুল সমর্থনে অল্প সময়েই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই তরুণ তুর্কিদের দল। দিল্লি ও বিহারের রাজপথে সফল আন্দোলনের পর এবার দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের সাংগঠনিক ভিত আরও মজবুত করার পথে হাঁটল তারা। শনিবার দেশের মোট ১০টি রাজ্য ও অঞ্চলে জোনাল ইনচার্জ নিয়োগের পাশাপাশি নতুন রাজ্য ও আঞ্চলিক সমন্বয় কমিটি ঘোষণা করল CJP।

কোন রাজ্যে কত সদস্যের কমিটি? দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ জম্মু ও কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর-পূর্বাঞ্চল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডে নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কমিটি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে, যেখানে ১৬ জন সদস্য রয়েছেন। এছাড়া মহারাষ্ট্রে ১৫ জন, ঝাড়খণ্ড ও উত্তর-পূর্বাঞ্চলে ১৪ জন করে, বিহারে ১৩ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, হরিয়ানা ও উত্তরাখণ্ডে ৬ জন করে, রাজস্থানে ৫ জন এবং জম্মু ও কাশ্মীরে ৪ জন সদস্যকে কমিটিতে রাখা হয়েছে।

আঞ্চলিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ক্ষিতিজ পাগারকে পশ্চিম অঞ্চলের এবং ড. বিবেক সাংওয়ানকে উত্তর অঞ্চলের ইনচার্জ করা হয়েছে। পাশাপাশি উত্তর অঞ্চল সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মহম্মদ জুনাইদ ও গিগরাজ জোরলি।

পশ্চিমবঙ্গের ১২ জনের কমিটিতে কারা রয়েছেন? বাংলায় সংগঠন বিস্তারের লক্ষ্যে ১২ জন তরুণ মুখকে নিয়ে রাজ্য সমন্বয় কমিটি গড়েছে ককরোচ জনতা পার্টি। এই তালিকায় রয়েছেন:

  • আসলামুদ্দিন মণ্ডল

  • বেনিগন আফরোজ হক

  • কল্লোল মাহাতো

  • কিংশুক চট্টোপাধ্যায়

  • মাবসেদুল রহমান মোল্লা

  • মহম্মদ মজিবুর রহমান

  • মিনহাজ হক

  • মীর রাকিব আলি

  • নওয়াজ শরিফ

  • রণজিৎ কোলে

  • সালামুদ্দিন আনসারি

  • সংকেত পতি

ব্যঙ্গ থেকে জাতীয় আন্দোলনে উত্থান চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি ‘ককরোচ’ মন্তব্যের প্রেক্ষিতেই অভিজিৎ দীপকের হাত ধরে অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছিল CJP। এরপরই বহু পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সমর্থন পায় তারা।

উল্লেখ্য, নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছিল CJP। প্রবল আন্দোলনের চাপে পড়ে গত ২৫ জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তী সময়ে এসআইআর (SIR) সহ একাধিক ইস্যুতে সরব হওয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও সুর চড়িয়েছে এই তরুণ ব্রিগেড। এবার বাংলাসহ ১০ রাজ্যে কমিটি গঠনের পর তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।