গ্রামের বাড়িতে কৃষিকাজ করে লুকোনোর ছক, সামান্য একটি ভুলেই পুলিশের জালে অঞ্জলির খুনি

বরানগরের ফাঁকা ফ্ল্যাটে তরুণী অঞ্জলি সাউ খুনের ঘটনায় অভিযুক্ত ধরমবীরকে জেরা করে উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পর বিন্দুমাত্র অনুতাপ নেই অভিযুক্তের মধ্যে। জেরায় অত্যন্ত ভাবলেশহীন ও সাবলীলভাবেই নিজের অপরাধের কথা স্বীকার করেছে ধরমবীর। পুলিশের কাছে তার দাবি, অঞ্জলি তার কথা শুনছিলেন না, আর সেই রাগ থেকেই তাকে খুন করেছে সে।
তদন্তে উঠে এসেছে, খুন করার পর নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়ে সাধারণ কৃষিকাজ করে আত্মগোপন করার নিখুঁত ছক কষেছিল ধরমবীর। তবে মৃতার মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে পালানোর সিদ্ধান্তই তার কাল হয়ে দাঁড়ায়। ওই ফোনের সূত্র ধরেই শুক্রবার রাতে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশি জেরায় আরও জানা গিয়েছে, খুনের পর অঞ্জলির ফোন ব্যবহার করেই তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিল অভিযুক্ত। অঞ্জলির ফোন থেকে তার মাকে হোয়াটসঅ্যাপ কল করে ওপাশের কথা শুনলেও ইচ্ছাকৃতভাবেই প্রায় ১৩ সেকেন্ড চুপ করে ছিল ধরমবীর। পরবর্তীতে পুরো বিষয়টি জানানোর উদ্দেশ্যে অঞ্জলির বাবা ও ভাইকেও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় সে। মূলত অঞ্জলির ভাইয়ের ওপর থাকা ক্ষোভ থেকেই তাকে মেসেজ করেছিল বলে জেরায় দাবি করেছে অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সাল থেকে অঞ্জলির সঙ্গে পরিচয় ছিল ধরমবীরের। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মোট তিনবার অঞ্জলির সঙ্গে দেখা করতে এসেছিল সে। প্রথম দু’বার হাওড়ায় থাকলেও, এবার তার গন্তব্য ছিল দক্ষিণেশ্বর। গত ১০ তারিখ অঞ্জলি এবং ধরমবীর একসঙ্গে ডানলপ থেকে অটোয় চেপে দক্ষিণেশ্বরে এসেছিলেন বলেও তদন্তে জানতে পেরেছে পুলিশ।