“মা কে এলোপাথাড়ি ছুরি…!”-কিশোর ছেলের এমন মর্মান্তিক পদক্ষেপে স্তব্ধ প্রতিবেশীরা

মাঝের ঘরে তখন রক্তগঙ্গা। আচমকাই নিজের জন্মদাত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, মায়ের ওপর এই বর্বরোচিত হামলার পরেই স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা পাঠিয়ে শহরের এক বহুতলের তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় অসমের রাজধানী গুয়াহাটির বামুনিমৈদাম এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ (ICU)-তে চিকিৎসাধীন রয়েছেন জখম মা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিশোর অরুণাভ কলিতার মায়ের সঙ্গে তাঁর বাবার আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর থেকে অরুণাভকে নিয়ে নিজের বাপের বাড়িতেই থাকতেন মা চন্দ্রাণী কলিতা। ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন চন্দ্রাণী দেবী। অভিযোগ, সেই সুযোগেই আচমকাই ছুরি হাতে ঘরের ভেতর প্রবেশ করে নবম শ্রেণির ছাত্র অরুণাভ এবং তাঁর ওপর চড়াও হয়। মায়ের সারা শরীরে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে সে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন চন্দ্রাণী। মায়ের এই ভয়ঙ্কর অবস্থা দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই কিশোর।
এরপরেই যা ঘটে, তা আরও বেশি হতবাক করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও প্রতিবেশীদের। স্কুল সূত্রে খবর, অপরাধ সংঘটিত করার পরপরই স্কুলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাকে কোপানোর কথা লিখে একটি মেসেজ পাঠায় অরুণাভ। শুধু তাই নয়, আহত মাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সে তার সহপাঠীদের কাছে অনুরোধও জানায়। সেই বার্তা প্রধান শিক্ষকের নজরে আসতেই তিনি সঙ্গে সঙ্গে চাঁদমারি থানায় খবর দেন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বামুনিমৈদাম এলাকার ওই বাড়ি থেকে আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রাণী দেবীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
এদিকে মাকে আক্রমণ করার পরপরই শহরের একটি বহুতল ভবনের ছাদে চলে যায় অরুণাভ। সেখান থেকে নিচে ঝাঁপ দেয় সে। ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। ঠিক কী কারণে এক কিশোর নিজের মায়ের ওপর এমন নৃশংস হামলা চালাল এবং চরম পথ বেছে নিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে চাঁদমারি থানার পুলিশ। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।