‘দিল্লিকে বন্দি করে রাখা চলবে না!’ ককরোচদের আন্দোলন ও বিরোধীদের ভূমিকার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চরম হুঁশিয়ারি

রাজধানী দিল্লিতে সাম্প্রতিক ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলন এবং তার জেরে উদ্ভূত পরিস্থিতি ঘিরে রাজনৈতিক পারদ এখন চড়েছে চরম মাত্রায়। এই উত্তাল আবহেই দিল্লির শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ তুলে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর অভিযোগ, সিজেপি-র সঙ্গে গোপন বোঝাপড়া রেখেই এই দুই বিরোধী নেতা রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।
সামাজিক মাধ্যম এক্সে (X) একটি কড়া বার্তা পোস্ট করে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রশ্ন তোলেন যে, বারবার নির্বাচনে পরাজয়ের হতাশা থেকেই কি এই ধরনের কর্মসূচি করে দিল্লির সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলার চেষ্টা চলছে? তিনি স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিক্ষোভের জেরে প্রতিদিনের কাজে বের হওয়া সাধারণ মানুষ, দিনমজুর এবং বিশেষ করে হাসপাতালের জরুরি সেবায় যাওয়ার পথে থাকা রোগীরা চরম সমস্যার মুখে পড়ছেন। সাধারণ নাগরিকদের এই ধরণের ভোগান্তির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী হুংকার দিয়ে বলেন, “দিল্লিকে বন্দি করে রাখা যাবে না”। রাজপথের এই সংঘাতের জেরে আগামী দিনে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার!