হঠাৎ জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরকাশী! শনিবারে পরপর ভূমিকম্পে চরম আতঙ্ক পাহাড়ে
October 10, 2026

হঠাৎ জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরাখণ্ড। শনিবার সন্ধ্যায় উত্তরকাশী জেলায় আচমকা ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৮টা বেজে ৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। ভূগর্ভের মাত্র ১১ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল থাকায় কম্পনের তীব্রতা বেশ ভালোমতোই টের পাওয়া গেছে।
সাম্প্রতিক সময়ে পাহাড়ি এই রাজ্যে ঘনঘন ভূমিকম্পের জেরে বাসিন্দাদের উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।