দলীয় নীতিতে অনড় ভারত: এশিয়া কাপ ফাইনালেও পাক অধিনায়ককে এড়িয়ে গেলেন সূর্যকুমার যাদব! ট্রফি নিয়ে একাই ছবি তুললেন আগা সলমন

এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) মহারণের আগে মাঠের বাইরে চরম অসৌজন্যের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দলীয় নীতি বজায় রেখে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) চলতি এশিয়া কাপে তৃতীয়বার পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agha) সঙ্গে করমর্দন করলেন না।

গ্রুপ পর্ব এবং সুপার ফোর ম্যাচের পর ফাইনালেও পাকিস্তানিদের সঙ্গে সৌজন্য বিনিময় এড়িয়ে চলল ভারতীয় দল। যদিও এই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আগা সলমন সূর্যকুমারের এই আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।

ট্রফি নিয়ে একাই ছবি তুললেন পাক অধিনায়ক
যে কোনও বহুদেশীয় টুর্নামেন্টের ফাইনালের আগে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়কদের একসঙ্গে ট্রফি সামনে রেখে ছবি তোলার প্রথা থাকে। কিন্তু এবারের এশিয়া কাপ ফাইনালের আগে সেই দৃশ্য দেখা গেল না। সূর্যকুমার যাদব তাঁর সঙ্গে ছবি তুলতে না যাওয়ায়, পাক অধিনায়ক আগা সলমনকে একাই ট্রফি সামনে রেখে ছবি তুলতে হয়।

জোড়া উপস্থাপক রাখল এশিয়ান ক্রিকেট কাউন্সিল
করমর্দন বিতর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি এড়াতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এক বিশেষ কৌশল অবলম্বন করে। এদিন টসের সময় সাধারণত একজন উপস্থাপক থাকলেও, রাখা হয় দু’জন উপস্থাপককে: রবি শাস্ত্রী (Ravi Shastri) ও ওয়াকার ইউনিস (Waqar Younis)।

সূর্যকুমারের সঙ্গে কথা বলেন শাস্ত্রী এবং আগার সঙ্গে কথা বলেন ওয়াকার। ক্রিকেটমহল মনে করছে, পাকিস্তানের বিড়ম্বনা যাতে না হয়, সেই কারণেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই ব্যবস্থা নিয়েছিল।

টসে জিতে ফিল্ডিং ভারতের, দলে পরিবর্তন
চলতি এশিয়া কাপে তৃতীয়বারের মতো পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব।

এই ম্যাচে ভারতীয় দলে তিনটি বদল হয়েছে। চোটের জন্য তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)।