দত্তাবাদের ব্যবসায়ী খুনকাণ্ডে চাঞ্চল্য! রাজগঞ্জের বিডিও-র নাম জড়ানোয় তোলপাড়, জিজ্ঞাসাবাদ পুলিশকে

দত্তাবাদের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) নাম জড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই বিডিও-র বাড়িতে কর্মরত অশোক করকে জিজ্ঞাসাবাদ করেছে।
অশোক করের বিরুদ্ধে বিডিও বাড়িতে চুরির অভিযোগ ছিল। গতকালই তিনি নিউজ ১৮ বাংলার কাছে সেই দিনের ঘটনা প্রকাশ্যে এনেছিলেন। এরপরই তাঁকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ছেড়ে দেয়।
বিডিও গতকাল নিউজ ১৮ বাংলাকে দাবি করেছিলেন যে তিনি এই সময়ের মধ্যে কলকাতায় আসেননি। তবে পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা যাচ্ছে, তিনি ২০ অক্টোবর ইন্ডিগো বিমানযোগে কলকাতায় এসেছিলেন (ফ্লাইট নং: 6E 135, সিট ২৫ই, মিডল সিট), এবং তাঁর কলকাতায় পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।
অন্যদিকে, পুরো ঘটনা ঘটিয়ে তিনি ২৯ অক্টোবর কলকাতা থেকে ফিরে যান (ইন্ডিগো ফ্লাইট নং: 6E 6134, সিট ২৬এ, উইন্ডো সিট)। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বিডিও-র যাওয়া এবং আসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি, যে বিমানে তিনি যাতায়াত করেছিলেন, সেই বিমানের যাত্রী তালিকাও সংগ্রহ করা হয়েছে।