ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করছেন এই ক্রিম? মহারাষ্ট্রে উদ্ধার বিষাক্ত প্রসাধনীতে যা মিলল, শিউরে উঠবেন!

ফর্সা, উজ্জ্বল ও দাগহীন ত্বক পাওয়ার মরিয়া বাসনা অনেকের মধ্যেই দেখা যায়। এই অন্ধ মোহের সুযোগ নিয়ে বাজারে নানা প্রসাধন সামগ্রী বিক্রি হয়, যার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে। সম্প্রতি মহারাষ্ট্রের নান্দেড় থেকে উদ্ধার হওয়া একটি পাকিস্তানি প্রসাধনী ক্রিমের ল্যাব রিপোর্ট প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছে চিকিৎসা মহল। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই ক্রিমে নির্ধারিত সীমার তুলনায় প্রায় ৪৮ হাজার গুণ বেশি মাত্রায় পারদ বা মার্কারি রয়েছে, যা মানবদেহের পক্ষে অত্যন্ত মারাত্মক।

ঘটনার সূত্রপাত গত ৯ জুলাই। গোপন খবরের ভিত্তিতে নান্দেড়ের মক্কা গলি এলাকার একটি প্রসাধনীর দোকানে যৌথ অভিযান চালায় ইতওয়ারা থানার পুলিশ এবং খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থার (এফডিএ) আধিকারিকেরা। ওই দোকান থেকে প্রায় ৩৯ লক্ষ ৬৯ হাজার টাকার প্রসাধনী বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলির মধ্যে ছিল পাকিস্তানে তৈরি বেশ কিছু স্কিন-লাইটেনিং বা ফর্সা হওয়ার ক্রিম। সেগুলির গায়ে উর্দু এবং ইংরেজি ভাষায় নানা তথ্য ও লেবেল সাঁটানো ছিল।

সম্প্রতি সরকারি পরীক্ষাগার থেকে এই প্রসাধনীগুলির যে কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট এসেছে, তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই ক্রিমের নমুনায় পারদের পরিমাণ প্রতি মিলিয়নে বা পিপিএম (PPM)-এ ৪৮,৪৫᱓.৪৪ অংশ। অথচ স্ট্যান্ডার্ড প্রসাধনী বা ত্বকের যত্নের পণ্যে পারদের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা হল প্রতি মিলিয়নে মাত্র ১ অংশ। অর্থাৎ, নির্দেশিকা লঙ্ঘন করে নির্ধারিত সীমার প্রায় ৪৮,৪৫৩ গুণ বেশি বিষাক্ত পারদ ব্যবহার করা হয়েছে এই ক্রিমে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বা নিয়মিত অতিরিক্ত পারদযুক্ত প্রসাধনী ব্যবহার করলে শরীরে মারাত্মক ও অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে। এর ফলে ত্বকের স্থায়ী ক্ষতি, অ্যালার্জি, কিডনির জটিল রোগ এবং স্নায়ুতন্ত্রের মারাত্মক গোলযোগ দেখা দিতে পারে। বিশেষ করে দ্রুত ফর্সা হওয়ার নেশায় এই ধরনের অননুমোদিত ও নিষিদ্ধ ক্রিম ব্যবহার করলে বিপদের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

উল্লেখ্য, এর আগেও পাকিস্তানি প্রসাধনী ও স্কিন-লাইটেনিং ক্রিম নিয়ে কড়া সতর্কতা জারি করেছিল মহারাষ্ট্রের এফডিএ। অতিরিক্ত পারদ এবং সিসার উপস্থিতির মতো ক্ষতিকর উপাদানের কারণে বেশ কিছু পণ্যের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই একটি সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, কম দামে ফর্সা হওয়ার প্রলোভনে পড়ে অনুমোদনহীন প্রসাধনী কেনা থেকে বিরত থাকুন। কোনো ক্রিম কেনার আগে তার উপাদান, মান ও প্রস্তুতকারক সংস্থার সত্যতা যাচাই করে নেওয়া একান্ত জরুরি।