তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির নেতৃত্বে তীব্র বিক্ষোভ, শমীক ভট্টাচার্যের অনুষ্ঠানে উত্তপ্ত দাশনগর!

বৃহস্পতিবার সকালে হাওড়ার দাশনগরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা যায়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এলে তাঁর অনুষ্ঠানকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়ক ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি ও তাঁর দলের কর্মীরা।
দাশনগরের ‘আরতি কটন মিল’-এর মাঠে ‘নরেন্দ্র কাপ’ নামে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসেছিলেন শমীক ভট্টাচার্য। কিন্তু সেই মাঠে ঢোকার আগেই মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করেন। তাঁদের মূল দাবি ছিল, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই বন্ধ কারখানার শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা ফিরিয়ে দেওয়া। মনোজ তিওয়ারি বলেন, “মিলের মাঠে খেলা হবে, অথচ শ্রমিকদের অধিকার অস্বীকার করা হবে—এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এখানে শ্রমিকদের কণ্ঠস্বর তুলে ধরতে এসেছি।”
শমীক ভট্টাচার্যের গাড়ি এলাকায় পৌঁছানো মাত্রই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে ‘শ্রমিকদের স্বার্থ ফিরিয়ে দাও’ স্লোগান দিতে শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এর ফলে গোটা দাশনগর এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে। এই ঘটনা শুধু দাশনগর নয়, সমগ্র শিবপুর বিধানসভা কেন্দ্রজুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।