তৃণমূল নেতার বাড়িতে চুপিচুপি মন্ত্রী! হাতেনাতে ধরে বিক্ষোভ দলীয় কর্মীদেরই, চরম অস্বস্তিতে বঙ্কিম

শনিবার বিকেলে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গেল নামখানায়। রাস্তা উদ্বোধন করতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়ে রীতিমতো নাজেহাল হতে হল সাগরের বিধায়ককে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজের সরকারি কনভয় ফেলে এক তৃণমূল কর্মীর বাইকে চেপে এলাকা ছাড়তে বাধ্য হন মন্ত্রী।
বিক্ষোভের নেপথ্যে ‘দলবদলু’ যোগ অভিযোগ, নামখানায় গিয়ে মন্ত্রী চুপিচুপি বিজেপি নেতা বীরেন গিরির বাড়িতে ঢুঁ মেরেছিলেন। বীরেনবাবু আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে। তাঁর বিরুদ্ধে একাধিক তৃণমূল কর্মীকে ‘মিথ্যা মামলায়’ ফাঁসানোর অভিযোগ রয়েছে। সেই নেতার সঙ্গেই মন্ত্রী গোপন বৈঠক করছেন জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন নিচুতলার তৃণমূল কর্মীরা। তাঁদের সাফ কথা, যে নেতা দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, তাঁকে ফেরানোর চেষ্টা হলে কর্মীরা মেনে নেবেন না।
বিজেপির কটাক্ষ এই ঘটনায় বিজেপি নেতা বীরেন গিরি মন্ত্রীর আসার কথা স্বীকার করে জানিয়েছেন, তাঁকে তৃণমূলে ফেরার অনুরোধ করা হয়েছিল। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা বিপ্লব নায়েকের খোঁচা, “মন্ত্রী মশাই এসেছিলেন উদ্ধার করতে, কিন্তু নিজের দলের কর্মীদের কাছেই তাড়া খেয়ে কনভয় ফেলে পালালেন।” গোটা ঘটনায় নামখানায় তৃণমূলের অন্দরের কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এল।